Showing posts with label রেহেনা মাহমুদ. Show all posts
Showing posts with label রেহেনা মাহমুদ. Show all posts

22 August 2017

রেহেনা মাহমুদ



একটি কবিতা লিখব বলে

একটি কবিতা লিখব বলে,
শব্দমালা খুঁজি নীল আকাশের নীলিমায়।
অথচ কলমের আঁচড়ে আছড়ে পড়ে মেঘবতী  বরষা।
শব্দমালা খুঁজি যতদুর চোখ যায়
দেখি, ফিঙের পুচ্ছ দোলানো।
দেখি,সবুজ বিস্তৃত মাঠ
দেখি ,ধবধবে বকের সারি।
তবুও গাঁথা হয় না কোন কাব্য।
হাঁস ফাঁস  করি, এলোমেলো  হাতড়ে বেড়াই।
যদি পেয়ে যাই সেই কাঙ্ক্ষিত পংক্তিমালা।
খুঁজি,খুঁজে যাই-
ভাবি, কবি কেমন করে তাঁর ভাবনাকে ভেঙে শব্দের সোনা ফলায়।
মাটিতে পায় সোঁদা গন্ধ।
রঙবেরঙ  ফুলে কেমন করে প্রজাপতি হয়ে উড়ে বেড়ায়।
আকাশের ও কত রঙ-
এই বেদনা বিধুর থমথমে কালো,
এই মেঘমুক্ত  সাদা আকাশ।
এই নীল,এই রাঙ্গা গোধূলি।
কবি কেমন করে সাজায় আকাশটাকে?
ভাবি, ভেবে যাই-
তবুও হয়ে উঠে না একটি কবিতার
একখানা পংক্তি।