07 May 2016

সিয়ামুল হায়াত সৈকত




প্রতিচিহ্ন
কার্নিশে আঁকলাম চোখ পিট্ চোখ পিট্
দেয়াল জুড়ে সত্ত্বার গান সারারাত!
মাঝপথে তুমি বেখেয়ালি টিউনে মাইনোর,
আর চাঁদ-তাঁরাদের ফুলজামা শৈশব।
এখন দেখি আমাদের বিছানায় স্বপ্ন
দুচোখে পাশা-পাশ নিঃশ্বাস জমিয়ে;
ঘুম, কবিতার নার্গিস্ তুমি যৌবন ধরো?
কাতারে কাতারে বদলায় আলো-
এই শহরে জমে বৈ-ঢঙের হাভাতের ঘর
তবুও বলি– এ প্রেম তুমি জ্বলে রও
বিষাদে অথবা প্রণয়ে বুনে ফেলবো রঙ
আমি দাড়ি টেনে দিইনি-
কার্নিশে জমে আছে চিহ্নের ঘর-চিহ্ন ঘুম!

তানজ‌ির উদ্দ‌িন



প্রাত্যহিক অধিকার দাও

বাঁচার অধিকার দাও অতঃপর হে শ্মশান
বেঁচে থাকা অভয়ারণ্য জুড়ে উড়তে থাকে
ধবল মেঘের সারি, বঞ্চিত অভিপ্রায় এবং
মেঘমালায় বিস্তীর্ণ হওয়া চিত্তের অধিকার নিয়ে
আরো কতো সহস্র বত্সর আমরা ছুঁয়ে যাবো-
এই শহরের আদি অন্ত
এবং রাতের পূর্ণিমাদের।

শোন হে অবলুপ্তির ঠাকুর
নিকুচি করি এই অঞ্জলি
এবার জন্মান্তরের আবেগ নিয়ে উড়তে থাকা
রাধিকার বিরহদের বলে দেবো, হেরে যাও
লুপ্তির গুণ্ঠন ছিঁড়ে যদি একটিবার বেজে ওঠে
দূরান্তের হাহাকার, তবে মেঘের আস্তিনে

রেখে চলে যাবো আমাদের প্রাত্যহিক প্রেম।

06 May 2016

সূচীপত্র



 সংবেদ্য ª ৫ম সংখ্য
 ২৫ শে বৈশাখ-১৪২৩ বঙ্গাব্দ
ªªªªªªªªªªªªªªªªªªªªªªªªªªªªªªªªªªªª

বোশেখে রবিকবিকে নিয়ে প্রকাশিত হলো সংবেদ্য'র পঞ্চম সংখ্যা। রবীন্দ্র জন্মজয়ন্তীতে আমাদের এই আয়োজনকে রুপকল্পকাব্যে রাঙাতে আমার নিয়মিত ও নতুন লেখক-লেখিকাগন তাদের রচিত কথাকাব্য দিয়ে পূর্ণ করেছেন। ভালোবাসা রইলো সেইসব লেখিয়েদের জন্য যারা ইচ্ছে থাকা স্বত্ত্বেও লেখা দিতে পারেন নি। এ সংখ্যায় রবীন্দ্রনাথকে নিয়ে বেশ কয়েকটি নিমগ্ন আলোচনা করেছেন এই সময়ের লেখক-লেখিকাগন যা রবীকবি সংখ্যাটিকে পরিপূর্ণ করেছে। এছাড়াও আমাদের নিয়মিত বিভাগের লেখা তো থাকছেই। নুতন যে লেখিয়েরা লিখবেন সংবেদ্য'র জন্য তাদের জন্যও রইলো অভিনন্দন! আর সংবেদ্য'র নিয়মিত পাঠকদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা...। 

ভালো থাকুন এই বোশেখে, সকলের জন্য শুভকামনা 
সংবেদ্য কর্মসম্পাদনকারক 
সকাল রয়
:=: :=: :=: :=: :=: :=: :=: :=:

®®®®®®®®®®®®®®®®®® লেখক সূচী ®®®®®®®®®®®®®®®®®®®

 ¤বীরেন মুখার্জী¤রত্নদীপা দে ঘোষ¤অপরাহ্ণ সুসমিতো¤আবুল কাইয়ুম¤শ্যামল রঞ্জন দাস¤সুধাংশু চক্রবর্ত্তী¤শ্রেয়া ঠাকুর¤নির্ঝর নৈঃশব্দ্য¤পিয়ালী বসু¤শিপা সুলতানা¤মাহমুদ সিদ্দিকী¤মিশকাত উজ্জ্বল¤মৌসুমী রহমান¤শ্যামলী চ্যাটার্জী¤রিকি দাশ¤দেবাশীষ ধর¤রুখসানা কাজল¤মাসুম বিল্লাহ¤তাপসকিরণ রায়¤প্রজ্ঞা মৌসুমী¤মনিরা সুলতানা¤সেবক বিশ্বাস¤সুমন কর¤ভুতুম প্যাঁচী¤নাজমুন নাহার¤গীতশ্রী সিনহা¤মনোজিৎকুমার দাস¤জুবায়ের আহম্মদ¤সাবরিনা সিরাজি তিতির¤ইন্দ্রজিৎ দত্ত¤উদয় শংকর দুর্জয়¤তানভীর আহমেদ হৃদয়¤মো: ইফতেখার আলম রূপম¤শফিকুল রাজু¤কৌশিক গাঙ্গুলি¤সৌমিত্র চক্রবর্তী¤মন্জু দত্ত¤রোকসানা লেইস¤পাভেল আল ইমরান¤দুর্জয় আশরাফুল ইসলাম¤দীপঙ্কর বেরা¤নিল হাসান¤রাবেয়া রাহীম¤সিয়ামুল হায়াত সৈকত¤তানজ‌ির উদ্দ‌িন
ªªªªªªªªªªªªªªªªªªªªªªªªªªªªªªªªªªªª

:=: :=: :=: :=: :=: :=: :=: :=:

31 March 2016

আবুল কাইয়ুম


“এ জীবন যেন রক্তাক্ত চন্দনের ধূপ, নীলনদ এক, সন্দিগ্ধ বর্ষায় ভাঙে জলকেলি, দীর্ঘ আয়োজন”


কবি বীরেন মুখার্জীর কাব্য ‘হেমন্তের অর্কেস্ট্রা’
অমর একুশে বইমেলা -২০১৬ উপলক্ষ্যে কবি প্রকাশনী, ঢাকা কর্তৃক প্রকাশিত হলো কবি বীরেন মুখার্জীর (জন্ম-১৯৬৯) অষ্টম কাব্যগ্রস্থ ‘হেমন্তের অর্কেস্ট্রা’। এর আগে প্রকাশিত তাঁর অন্য কাব্যগুলো হচ্ছে- ‘উদ্বাস্তু সময়’(১৯৯৮, কলকাতা), ‘প্রণয়ের চিহ্নপর্ব’ (২০০৯), ‘প্লানচেট ভোর কিংবা মাতাল বাতাস’ (২০১১), ‘নৈ:শব্দের ঘ্রাণ’ (২০১২), ‘পালকের ঐশ্বর্য’ (২০১৩), ‘মৌনতা’ (২০১৩) এবং ‘জলের কারুকাজ’ (২০১৪)। এছাড়া তিনি চারটি প্রবন্ধ/গবেষণা গ্রন্থ ও একটি ইতিহাসগ্রন্থের লেখক। কিছু ছোটগল্প ও নাটকও লিখেছেন। সাংবাদিকতা তাঁর মূল পেশা। তিনি বর্তমানে ঢাকার দৈনিক যায়যায়দিন পত্রিকার সম্পাদকীয় বিভাগে কর্মরত আছেন। এর পাশাপাশি ‘দৃষ্টি’ নামে একটি শিল্প-সাহিত্য বিষয়ক ছোট কাগজের সম্পাদনা করে আসছেন। তাছাড়া গণমাধ্যম পরামর্শক, বিজ্ঞাপনের কপিরাইটার ও টিভি প্রোগ্রামের ধারাভাষ্য-লেখক হিসেবেও তিনি কাজ করে থাকেন। কর্মজীবনের এত সব ব্যস্ততার মাঝেও কবি বীরেন মুখার্জী তাঁর উজ্জ্বল সৃজনকর্মের দ্বারা ইতোমধ্যে সাহিত্যাঙ্গনে নিজের একটি আলাদা অবস্থান তৈরি করে নিতে সক্ষম হয়েছেন।

‘হেমন্তের অর্কেস্ট্রা’ কাব্যের একটি বড় অংশ জুড়ে দেখি, জগজ্জীবনের আলোকে বিদীর্ণ করে হন্তারক অন্ধকারের উত্থান কীভাবে অর্জন ও প্রত্যাশাকে বিনষ্ট করছে সে সম্পর্কে কবির নানা অভিব্যক্তি। এই প্রকাশের মাঝে এবং এর বাইরেও কবি উপজীব্য করেছেন দেশপ্রেম, ইতিবাচক মানবিক চেতনা ও ঐতিহ্যসংলগ্নতা। তবে সব কিছু ছাপিয়ে সেই ঐতিহ্যের ‘রোদেলা দিন’, যা ছিল হৃদয়ের অনুপম প্রাপ্তি, হারানোর যন্ত্রণাটিই কবির অন্তরাত্মাকে প্লাবিত করে। সূচিত উজ্জ্বল সময়টি ক্রমান্বয়ে মৃত্যুময়তার কালো গর্ভে নিপতিত হওয়ার ঘটনাপুঞ্জ তাঁকে করেছে যেন হতবাক ও নৈরাশ্যকাতর । এই দু;সময় কবিমানসে ‘রোদের কঙ্কাল’ হয়ে ধরা দিয়েছে। তিনি অন্তরে শুঁষে নিয়েছেন প্রগতিমৃত্যুর বেদনা। এই ক্লেশটি তাঁর কবিতায় কখনো এভাবে মূর্ত হয়ে ওঠে-
সময় ব্যর্থ হয়ে যায়, এই জলকণা, এই দীর্ঘ ইতিহাস
মেধার মন্দির থেকে নেমে যায় রক্ত, লোহিতকণিকা
একাকী রাতের কাছে- এই অব্যক্ত হাওয়ায়
অবিরাম লতার কৌশলে ঝরে -জীবনের জল!
-সন্দিগ্ধ বর্ষায় ভাঙে জলকেলি

সময়ের অন্ধকার কবিকে বিপন্নতা ও বিমর্ষতায় ‌আচ্ছন্ন করে তোলে। তিনি উচ্চারণ করেন-
যখন সঘন অন্ধকার, একে একে গলে যায় অন্ত:পুর
কতিপয় আরশোলার হুল ছুঁয়ে যায় তৃষ্ণার ঠোঁট
নিজেকে খুঁজে পাই কাঁচের ভগ্নস্তুপে
আমি কী মৃত্যুর খোলস ঢাকা রয়েছি অনাদিকাল!
-মৃতের খোলস

এভাবে কবিকন্ঠে শুনি প্রতিক্রিয়াশীলতার নখদন্তে আহত এই সময়ের কড়চা। তবে এর মাঝেও কবি যে আলোসন্ধানী তা বুঝতে আমাদের অসুবিধে হয় না। আর সেই আকাঙ্ক্ষিত আলোটি হলো শান্তিময় ও বাসযোগ্য স্বদেশ-পৃথিবীর আলো। স্বাধীনতা ও মানবিকতার বিপর্যয়ের দারুণ ছবি আঁকেন কবি-
আমাদের স্বপ্ন, ঘুড়ি আর ওড়ার স্বাধীনতা
ক্লান্ত হয়ে মিশে যায় –ঘূর্ণিস্রোতে
বাণিজ্যবাতাস গায়ে মেখে
আমরা হয়ে উঠি সময়ের ক্রীতদাস।
-মাথার ভেতর অন্ধঘুড়ি ওড়ে

সত্য যে, পরিপার্শ্বের এই বিপন্ন দশাগুলো থেকে কবিমনে নৈরাশ্যবোধ জন্মায় ও তা একপ্রকার শূণ্যবোধও বয়ে আনে। সমকালীন বাস্তবতার নিরিখে এ ধরনের চৈতন্যের উপস্থিতি খুবই স্বাভাবিক। স্বদেশের প্রতি গভীর ভালোবাসা থেকেই এর উদ্রেক। দেশ, দেশের মাটি, মানুষ, নিসর্গ ও লাল-সবুজ পতাকা কবির প্রাণে কতটা মহিমময় অবস্থান জুড়ে আছে তার প্রমাণ এই কবিতাংশ-
পৃথিবীর উর্বরতম এ মাটি আমার –পবিত্র স্বাধীন ভূমি
এখানে ঘুরপাক খায় প্রতিদিন সহস্র গানের কলি
সুরের ছোঁয়ায় জেগে ওঠে কুলি ও মজুর
তাদের চেতনার ভাঁজে এ মাটি বহমান জন্মের সমান্তরাল;
এই হলুদ মাঠ আর শীতপ্রবণ ঘাসের পাঠশালা
দিয়ে যায় পিঠা-উ
ৎসব, লাল-সবুজ পতাকার
গৌরব জড়ানো দিন...
          -পউষের কবিতা

কবি বীরেন মুখার্জী
কবি বীরেন মুখার্জীর কৃতির সবচেয়ে উল্লেখযোগ্য দিকটি, আমার মনে হয়েছে, তাঁর চিত্রকল্প নির্মাণ-কুশলতা। তাঁর চিত্রকল্পগুলো সরল চিত্রীর আঁকা প্রত্যক্ষ ছবি নয়। দৃশ্যমান শ্রেণীর চিত্রকল্প অনেকের কবিতাতেই থাকে, কিন্তু তাঁর কবিতায় এটা নেই। তাঁর চিত্রকল্পগুলো গভীর অন্তর থেকে উঠে আসা এমন ছবি যাতে রয়েছে অন্তরেরই পুরো ছাপ,-অর্থাৎ শুধু বাস্তবের রংয়ে নয়, অনেকাংশে হৃদয়ের রংয়ে আঁকা। প্রাণ থেকে উৎসারিত এ সব ব্যতিক্রমী ছবিই তাঁর কবিতাগুলোর অধিকাংশ এলাকা জুড়ে। চিত্রকল্পগুলো খুব তরতাজা, স্বাদু, দৃষ্টিনন্দন এবং ইন্দ্রিয়ের দ্বারা অনুভব্য। আমি বলবো, এগুলোর সব শুধু বিমূর্তই নয়, কিছু আছে পরাবাস্তবও। তাঁর নান্দনিক চিত্রকল্পমালা থেকে কিছু উদাহরণ তুলে আনছি-
১. শীতকাল ফুটে থাকে কুয়াশাপ্রচ্ছদে
২. চুম্বনক্লান্ত ভোরের মখমলে গতিশীল ঘোড়ার টগবগে ওড়ে লাল ধুলো
৩. অবচেতনের জল ঠোঁটে নিয়ে উড়ে পাচ্ছে মেঘ/ কাশবনের ধার ঘেঁষে
৪. পূর্বনির্ধারিত বিকেলগুলোর ডানা ভেঙে রোদ/ তুলে ধরে বুকের ঐশ্বর্য; বানান ভুলতে থাকা/ কামপ্রবণ চোখেরা ঢুকে পড়ে –ধ্রুপদী নাচশালায়
৫. অবশেষে হাতের তালুতে দেখি পাতাঝরা শীত
৬. ঠোটেঁ প্রসঙ্গ মাখে শিল্পের শিশির
৭. নির্বোধের মতো অনুরণিত স্ক্রিপ্ট খুলে/ বেড়িয়ে আসে ঘোরানো সিঁড়ি, কাঠের ঘোড়া/ মাটির পরী- যুগপ
ৎ ছায়া ও নারী

কবি শুধু নিসর্গ থেকেই নয়, মিথ ও ঐতিহ্য সহ জীবনের নানা ভূমি থেকে আহরণ করেছেন তাঁর কবিতার ছবির অনুষঙ্গ। আর সেগুলোকে সাজিয়েছেন গাঢ়বদ্ধ বাণীবন্ধে। ভাষিক বিন্যাসের দিক দিয়ে তাঁর সবগুলো কবিতাতেই রয়েছে দারুণ আধুনিকতার ছাপ। তাঁর শব্দগুলোও ব্যঞ্জনাপূর্ণ, শক্তিমত্তাময়। তিনি প্রচুর অর্থবোধক, বিশুদ্ধ যুগ্মশব্দ নির্মাণ করেছেন। তাঁর ভাবনাগুলো একনাগাড়ে ভাষায় গড়িয়ে চলে, থমকে দাঁড়ায় দাঁড়ায় না কোথাও। এই প্রবমানতা একবারেই তাঁর নিজস্ব। তাঁর প্রতিটি কবিতাই আপন ছন্দের মাধুরি মাখা। তিনি অক্ষরবৃত্তের অসমপর্বিক কবিতা যেমন লিখেছেন, তেমনি লিখেছেন গদ্যছন্দ ও মুক্তগদ্যের কবিতা। যে কোনো বিচারে কবিতাগুলো শিল্পোত্তীর্ণ হয়েছে বলে আমার বিশ্বাস। আমি গ্রন্থটির বহুল প্রচার ও বিপনন কামনা করি।


[গ্রন্থ পরিচয়:- ‘হেমন্তের অর্কেস্ট্রা’ (কাব্য)। লেখক- বীরেন মুখার্জি। প্রকাশক- কবি প্রকাশনী, ৪৩ কনকর্ড এম্পোরিয়াম বেজমেন্ট, এলিফ্যান্ট রোড, কাঁটাবন, ঢাকা-১২০৫। ভারতে পরিবেশক : অভিযান পাবলিশার্স, ৬৪/১ কলেজ স্ট্রিট, কলকাতা, ভারত। প্রচ্ছদ শিল্পী- তৌহিন হাসান। মূল্য- ১৪০ টাকা।]



রোকসানা লেইস



ছায়াপথের সীমানায়

সোনালী সময়গুলো কেমন উজাড় হয়ে যায়।
জলের ধারা উজানে যায় যেমন, সুদূর অতিত সাথে।
প্রতিবার ঘাস ফড়িং ও শালিকের ধানী রঙ মেখে, নেমে যাই অরণ্য গন্ধ হ্রদে।
শীতল ধারায় ধুয়ে নেই না বলা কথা।

কখনো মেখলা আকাশ হয়ে যাই তোমার বুকে মুখ রেখে।
আর্কিমিডেসের সূত্রের মতন ছলকে যায় অনেক কথন।
ইউরেকা শব্দে প্রাণবন্ত হয় শান্ত জগত।

বসন্ত সমিরণ বয় খাঁ খাঁ পথ জুড়ে।
রাত্রির নিরবতা মুখর করে ঘুঙ্গুর, কেউ হাসে কেউ কাঁদে।
আমি দু চোখ ভরে তুলে নেই শব্দের জোড়াল জোয়াল, কখনো চাষ করব বলে।
একলা বসে থাকে পথিক জনারণ্যে।

ইডিপাস ভাবনা অথৈ অতল, স্বর্গীয় ঐশ্বর্যপূর্ণ অথচ মলিন।
জরাজীর্ণ বিলীন পম্পেই নগরী অথবা তাহোকু আঘাত ।
ভয়ধরা শিরদাঁড়া সব হারানোর ব্যথায় কুঁকড়ে উঠে।

তবু চলমান ধাতব শব্দের মতন ক্রমাগত বয়ে যায়।
ভাবনার সুগভীর চাকা ক্লান্তিহীন তাড়িয়ে নেয়, সূর্যদোয় থেকে অস্তরাগে
প্রতি মূহুর্তের নিঃশ্বাসের মতন, বহমান জগৎ সংসার, ভালোবাসা সুনীল স্বপ্নে।
মিলে মিশে থাকে অবিচল।



ঠিক বারোটায়

কবিতা শুনতে খুব ইচ্ছে করছে কিন্তু না তুমি এখন বিদ্রোহি তান ধরো না।
আমি একটু আবেগী কিছু শুনতে চাই।
আবেগ সেতো বিদ্রোহীতেও আছে অথবা মৃত্যু উপত্যকায় কিংবা কিংবদন্তি
যদি ছূঁতে পারে হৃদয়।
আছে তবে তা নয়। কিছুটা ভেজা নরম শিউলি রঙ কিছুটা জোছনার মতন।
আঁধো আলোছায় যদি কখনো জলের গানের মতন মৃন্ময়ি কঙ্কন বেজে উঠে।
ঠিক তুমুল নয়; যেন নীল শরৎ আকাশ রক্ত করবী।
রক্ত করবী! তুমি ঠিক জানো তো তুমি কি চাও?
জানি, তবে মাঝেমাঝে এলোমেলো হয়ে যায়।
মাঝে মাঝে সব মিলেমিশে একাকার হয়ে যায়।
ভাগটা ঠিকঠাক রাখতে হবে।
যদি না রাখি।
যদি কৃষ্ণ বরণ কুন্তাকিন্তে বা মহাজনের মাঝি রাণীর প্রসাদ বা ভ্যাটিকান সিটি এক করে ফেলি।
তবে কি আমাকেই একা কোনো দূর দ্বীপে পাঠিয়ে দিবে তোমাদের এই সচেতন সমাজ?
দিতে পারে। তাই সাবাধান থেকো।
মায়াবী মুখের মতন চাঁদ যখন দেখি, তোমার কথা ভাবি। জান্নাতের হুর পরী আর তুমি মিলে মিশে যাও।
মক্তবে শিখা বয়ান, ফুলসিরাতের পুল তখন বড় বেশী যন্ত্রণা দেয়।
জারুলের বনে বেগুনী ফুলের নাচন দেখে, কৃষ্ণ হয়ে বাঁশি বাজাতে ইচ্ছে করে তমুল
রাধার মতন তুমি ছুটে আসবে জীবনে, এই ভাবনাই বেশী ভালোলাগে।
তুমিও মিলিয়ে দিচ্ছো সব। ভেবে বলছো তো!
হৃদয় উৎসারিত স্রোতের নদী নিয়ে ঠিক বারোটায় দাঁড়িয়ে থাকা।
ক্লান্তি খরনের পথ বেয়ে চলে যায় বহুদূর। মেঘের মতন মিশে আকাশের গায়।
ঠিক বারেটা, তুমি করিড়োরে অপেক্ষায় চাতক, দুপুরের সূর্য মধ্য গগনে ঠিক বারোটা
তোমার আকণ্ঠ অপেক্ষা পারদের উঠা নামা শরীর ও মনে দুজনের
অথচ পথ চলে যায় দুই দিকে।
কত বছর বাদে?
বারো
আবারও বারো? যুগের প্রভাব রয়ে গেলো এখনও আমাদের ঘিরে। সনাতন অথবা আধুনিক
কোন ভুবনে আমাদের বাস? কোন জটিল সীমারেখা জড়িয়ে রাখে, ক্লান্তির ঘামে নুয়ে দিতে চায় নিকানো উঠান।
তোমাকে নিয়ে যেতে চাই এক জায়গায় যাবে?
কোথায়, কতদূর?
দূরে নয় বাড়ির কাছে আরশি নগর, ভাবনার দ্বার খুলে লালনের কাছে,
সেখানে না হয় খুঁজব দুজনে, কি জাত এই সংসারের...কতটা ভেবে বলতে হবে কথা।

 কেন হৃদয়ের কছে থেকেও এই দূরে থাকা।

নাজমুন নাহার



রোদচশমা
তেহরানের খরা জমিনে লাগিয়েছি মুদ্রা গাছ
কোন একদিন ঘাস এবং বৃক্ষের পাতা গজালে
মারিয়ামের সন্তানের একটা খড়ের ঘর হবে
এ রকম ভাবনা যৎকিঞ্চিৎ থাকতেই পারে-

তবু ঘোর লাগা বেষ্টনী তুমি দিলে
গত দিনের কিছু হৃদয় বিহীন মুঠোফোন
রোদচশমার আদলে একটা প্লাস্টিকের জার
এবং জাফরান-
শুনো নিকেশ এর কিছু ব্যপার থাকে-
এখন যেমন আমি দুধের দীঘিতে ডুবলে পাবো না
উল্টানো আঙ্গুর  গাছ
আনারের জমি এবং
হং টং বলে ছুটে আসা কিছু রাক্ষসের পা-

অথচ এই মেঘবিহীন রাতে তুমি  বলো  
তুমি এখন চশমা পরো না
ব্যান্ড বিহীন  ঘড়িটাও
টেবিলের কোনায় পড়ে থাকে-
শুধু একজোড়া চোখ
গোল গাল চশমার আংটায়
সেখানে তার অথবা আমার নিকেলের রক্ত
তোমাকে তো পাইন গাছের কথা বলিনি
সেও আজ থাকুক
সব কথা সকল সময় বলা  হয় না


অবিনশ্বর
নশ্বর নগরীতে দিলাম অবিনশ্বরীয় লীলা
তবু হাহাকার
গেঁথে ফেলো বর্শা দিয়ে ইরাবতী নদী
কোরাল গ্রামের জিয়ল মাছ মরছে
নীল সাপের বিষ ফনায়–

সারারাত ক্ষুন্নিবৃত্তি
ইটালীর রুনের বিকেল কাটে এপেলোর সাথে
শিথিল হয়েছে রংচটা গাউন-

তবু অচেনা বিন্যাস
কেনো টানছে মৃত্যু

এক গাদা উপগাঁথা ম্লান হয়েছে

নির্ঝর নৈঃশব্দ্য


ফুলচিঠি

একখানিপথ এসে পড়ে আছে পায়ের কাছে। পথের নাম নীলতোয়া হাওয়া। হাওয়ার শরীরে ধূলিগন্ধ ইতিহাস। আমাদের ইতিহাস ঢাকা পড়ে আছে। পুরনো চাদর ভাঁজ করা আছে। কার্পেটের নকশায় পতঙ্গ বিলাস। আমার চুলে নিমিঝিমি কাশ। কাশবনে শাদাপথের গল্প। এইপথ এসে অন্ধ হয়েছে ধ্যানে। আমাদের হাত ধরে সে ঝড়ের হবে। আমরা আমাদের খোঁজে মুগ্ধ আর অধীর। আমরা আমাদের খোঁজে ভেঙে যাবো সকল ভিড়। এইভাবে অনেকদিন লিখেটিকে শেষ করি অ্যামিবার কাল। যা হলো—বোতল আর তৃষ্ণা অসুখ। যা হলো—দুধ আর শাদা টলোমলো স্তূপ। উপত্যকার ফাঁদে ডুবে গেলো ঘ্রাণের বিবর। দুহাতে চোখ নিয়ে দৃশ্য খুঁড়ে যাই, দৃশ্য খুঁড়ে যাই। খাদের একটু পরেই নীল প্রতীক্ষা দোলে আনত অভিমানে। ফেনায়িত শামুকের গতি হয়েছে বাচাল। শামুক, কাছিম আর কেঁচোর মিছিল আছে, অ্যামিবার একটু কাছে। তার পাশে শুয়ে আছে অজানিত গহ্বর। গহ্বরে কেউ আছে। ভাবছো, উড়ে যাচ্ছি! কাকের শাদা পালকে জেগে আছে আমাদের অভিলাষ। তুমি থার্মোমিটারের ভিতর পারদের বন্দীত্ব দেখে ভেবো না তাকে ছোঁয়া যায়। অচেনা উত্থানে ভেসে গেছে নির্জলা আধার। আর তুমি দীর্ঘশ্বাসে দিয়ে ভরিয়ে দিয়েছো আমার চোখের বিবর। বিবরে কেউ নেই, কেউ নেই—আছে শুধু নিঃশ্বাস—বিবরে একা আছে তোমাদের বসবাস। নিজেকে একটা শাদাকাক ভেবে আমি মনে মনে সুর করে বলি, কাকপাখি সুন্দর, কাকপাখি সুন্দর। মাঘরাতে জাগে ফুল, লিখে চিঠি বাতাসের। কাকপাখি ওড়ে এসে নেমে পড়ে এলোচুলে। কাকপাখি সুন্দর, বাতাসের উত্তর। ফুলচিঠি ফুল হাতে প্রিসলিন উড়ে যায়, কাকপাখি তাহাদের বাসনায় ডুবে যায়।

তাকে বলি আমি চুপিচাপ, ছায়া ছায়া থাকো ঘুমের পাশে। ফুল ফুরিয়ে যাক জলে হাওয়ার কাঁপনে। রাত আরো নামুক পায়ের পাতায়। কিছুই জানি না আমি, তবে বুঝতে পারি। হয়তো রক্তের ভিতর টের পাই। যেমন তুমি গাছ, অরণ্য, নদী, নারী, ফুল, পাখি, মাছির পেখম, মাছের চোখ আর চলন, হরিণের ছুটেচলা, জিরাফের গ্রীবা, নিজের চোখ, ওষ্ঠাধর, স্তন, হাসি ও আনন্দ, রক্তের ভিতরকার যন্ত্রণা, রাত্রি, প্রজাপতি, ঝিঁঝি, জুনিপোকা, গান আর বর্ষণ ভালোবাসো। আর এইসব আমিও ভালোবাসি। তোমার সুন্দর চোখে যাকিছু দেখে তুমি মুগ্ধ হও, চঞ্চল হও, ভালোবেসে ফেলো, আমিও তেমন। কেননা আমার চোখও তোমার মতোই সুন্দর। তোমার চোখেরই যমজ সহোদর। বিস্তারিত গতকাল নামিয়েছে শরীরে যা আছে সুন্দর ও আপ্তসত্য। ক্ষয়ের পাশে আঁতিপাতি খুঁজে ফিরি পূর্বাপর সকরুণ।

বেগুনি সুতোতে জোনাক গেঁথেছে এই জন্মান্ধ চোখ—ঘর, উঠান আর পাহাড়ের ওপার জেগেই থাকে, নির্ঘুম নির্ঘুম। ভাঁটফুল ক্ষেত উলম্ব দিগন্তচুর হয়েছে লাল অসুখ। একটি গাছের ডালে বসে একটি শাদা কাক। কাক কেমন করে শাদা হয়? কলসিতে ছয়মাস রেখে দাও শাদা হবে কাক। শূন্যতার ওষ্ঠাধরে আচঞ্চু চুম্বনে সে বাজাবে রাতে দীর্ঘরাতের শাঁখ, শাঁখের করাত। দীর্ঘশ্বাসের পাশে আমি চুপিচাপ বসে থাকি চিরদিন। ইদানীং বাতাসও আসে সিজোফ্রেনিয়াক সিটিজেন। তার পাশে শুয়ে থাকি আমি দৃশ্যখোদক। দৃশ্য খুঁড়তে খুঁড়তে নীরবতা নামে ধানক্ষেতে, জাগে গূঢ় নক্ষত্রের দাগ। পতঙ্গ কারো বুকের ভিতর সুমসাম উড়ে। ওখানে দুলছে আলোর নিষাদ। আলোর গন্ধে আর খড়ের আগাছায় ছেয়ে আছে তোমাদের মাঠ। শুক্লচোখে দেখি চাঁদ পুড়ে ছাই। এই চাঁদ রূপজীবার ত্বকে পুড়ে গেছে; এই চাঁদ ভিক্ষার নেশায় পথ হনন করে। আমরা ফিরে যাই গোরের নদীস্বর। তার মানে ধানক্ষেতে তার গূঢ় সর্বনাম, স্ট্রবেরির গোপন রুমাল। রুমালের ভাঁজে লুকোয় বাতাস। আমি সবকিছু কেচে দিয়ে বাতাস ছিঁড়ে ফেলি। পাশাপাশি ক্যানভাস সাজানো, ছড়ানো রং আর ব্রাশ। রং চিনি একা পূর্ণিমার পরে। যে গেছে—সে স্তনহীনপুষ্পের চির দুর্গন্ধ পাতালে—সুন্দর সবকিছু আছে, পাশে ও প্রবাসে। প্রবাস পাহাড়ের ওপারে। আমি পাহাড়ে থাকি, আমরা থাকি। আমাদের দেহে রোদ শুকিয়ে যায়। ইদানীং সবকিছু কেচে দিয়ে বাতাসে শুয়ে থাকি। সে আর সে আসে। তারা ধ্বংস হলে খুঁজি বাতাসের ছাই। তারা কখনো থাকে না আর। থাকে বইয়ের ভিতর মৃদু পোকাস্বর, কিছুটা টারমাইটে, কিছুটা অক্ষরের দেহে। ত্রিমাত্রিক স্বরবর্ণ জেগে ওঠে, জেগে উঠে প্রবীণ জনপদ আর নদ। নদের কঙ্কালে মাটি। সে আর সে আসে, এইভাবে আসে বাতাসের ছাইয়ে। তারপর একটি বেদানাগাছের ডালে বসে থাকে একটি শাদা কাক। আচঞ্চু সে কাকে করে চুম্বন, বাজায় রাতে দীর্ঘরাতের শাঁখ, শাঁখের করাত? 



সৌমিত্র চক্রবর্তী



বিমূর্ততায়


সারা পার্বত্য জীবন জুড়ে বাঁশির আত্মহনন
জলপিপি নেবে উজ্জ্বল ছটপটে
কিশোরী বয়স ককটেলে গুলে দেব
ধূ ধূ শূন্য সরষের ক্ষেতের মাঝে আঁকাবাঁকা রাস্তায়
রূপোলী ফ্রেমে প্রেম এঁকে দিলে
চুলের দুপাশে আল্পসয়ের বরফ বেছে নিও,
অস্থির পশ্চিমে ফেলে রাখা পেগের ভেতর
 
মুছে যায় সিঁদুরের রঙ...
আমি তো জানি গ্যালাক্সি বিছানো
সযত্ন আদর তুলে রাখা গ্রহানুপুঞ্জের ভাঙাচোরা লাশেদের ফাঁকে,
দিন থাকে যান্ত্রিক দিনলিপি ত্বকে,
ঠোঁট রাখি উচ্চকিত সুতনুকা ঠোঁটে
 
হারালেই ফের খুঁজে বসত গড়ি জংলা নিষাদভূমিতে।