07 May 2016

উদয় শংকর দুর্জয়


লিখে রাখি বিশুদ্ধ আত্মার রাত্রিদিন
আমি লিখে রাখি সেই সব রাত্রিদিন, যেখানে প্রকাশ্যে খুন দিয়ে পবিত্রতা সুরাক্ষা করে কিছু কিছু বিপথগামী ভ্রূণ। শার্লি হেব্দোর কাগজে টেবিলে জ্বল জ্বল করে ওঠে রক্তিম মানচিত্র। প্যারিসের পথে বিদ্রোহী স্রোতে ভেসে যাওয়া ৩.৭ মিলিয়ন আহত আত্মার শ্লোগান।
আমি লিখে রাখি ঢাকার বিশুদ্ধ আক্সিজেনে এখন পেট্রল পোড়া বারুদ। ঝলসে যাওয়া জীবন ছবির স্পষ্ট অবয়ব। হাসপাতালের বারান্দায় শুয়ে থাকা চেতনার কঙ্কাল তবু ওরা বালির ট্রাক আর বুলেটের রাজনীতি তরান্বিত করে অহোরাত্র। লুট হয়ে যায় প্রকাশ্যে স্ব-ধীনতা। দগ্ধ তখন লালসার বার্ন ইউনিট, দগ্ধ তখন ঘরে ফেরা যৌবন, দগ্ধ তখন ভোরের পাখি বৈকাল্যের দুরন্ত ছেলেবেলা, দগ্ধ তখন আমার মায়ের অপেক্ষার সোনা মুখি বদন।     


যে রাষ্ট্র দায় স্বীকার করে না
রাষ্ট্রের জন্য মায়া জাগে। ক্রোধ ছাড়িয়ে যায় সীমানা।
একটি যথোচিত ভোরের জন্য প্রার্থনায় লীন হয় রাতপ্রহর।
আর ক্রন্দিত সমাচার পড়তে পড়তে আকাশ লুকিয়ে রাখে মুখ।
আশঙ্কা নিয়েই দাঁড়াই মুখোমুখি। কোন হিসেবের খাতায়
ভুলের ঘ্রাণ মাখা ফুল। কোন রমণী আজ আবার ঠায় দাঁড়াবে
অঙ্গনে আনত মস্তকে। যে শিশু সম্ভ্রমের সংজ্ঞা বুঝে উঠবার
বহু আগেই রক্তাক্ত মেঘ মেখে নেয় শরীরে। আর যে রাষ্ট্র দায় স্বীকার করে না…
ফেনীর সাড়ে তিন বছরের শিশু আর কুমিল্লার সোহাগীর জন্য
কার কাছে চাইব এক খণ্ড সুবিচার। এ লজ্জার নিবারনের জন্য
আকাশ ভেঙে পড়ুক। এক প্রলয়ঙ্কর দানবীয় ঝড়ে সব পরাভব
নিঃশেষিত হোক। অতঃপর একটি নতুন মানব সভ্যতা জাগুক



ম্লান অরুণালোয় নক্ষত্রের স্বরলিপি
রুপশালি ধানের ঘ্রাণ শুকে কোন ধনেশ পাখি
গড়েছিল আবাস - তার জন্য লিখেছিলে
নক্ষত্রের স্বরলিপি ম্লান অরুণালোয়। আরও
একশ বছর তুমি লিখে যাচ্ছ হেমন্তালয়ে
ঝরা পাতার নিরুপমা চিঠি। লাবণ্যময়ী সন্ধ্যা
দাঁড়ালে উঠনে, মুছে ফেলে রোদ্দুরের লয়
ভেজা মেঘ খুঁজে ন্যায় ধানসিঁড়ির শ্যাওলা শরীর।

ধূসর গোধূলি থেমে গেল। পারাবাত মেঘালয়
ছড়িয়ে দিয়ে গেল স্নাত জ্যোৎস্নার ফুল।
শ্রাবস্তীর মায়া জড়িয়ে নিতেই
অবারিত ঝাউয়ের উদ্যান গাইল
সবুজ বেহালায় গৃহত্যাগীর গান। অদ্ভুত আঁধারে
জমিয়ে অভিমান। নিঃশ্বাসের তরঙ্গে ফেলে গেলে
দিক ভুলো ট্রামের ক্ষুধার্ত কুয়াশা সমাচার।



ব্যর্থতার দলিল মোড়া সময়
আরেকটু পর হাফিজের জানাজা। ক্ষুধার্ত নিউমোনিয়ার হিংস্র দাঁত
যেন বিক্ষত করল শুধু এম এস হলের হাফিজকে নয়
রাষ্ট্রীয় ব্যর্থতাকে দলিল লিখে শিকার হয়ে গেল অবলীলায়।
বাবুল মাতুব্বর! চা বিক্রেতার পোড়া হৃৎপিণ্ড যেন কাঁপিয়ে দিয়ে গেল
পুরো আকাশ। মাত্র ৫০০ টাকা চাঁদা দেয়ার ব্যর্থতায়
দেশলাই জ্বলে উঠলো একদল রাষ্ট্রীয় পোশাকিদের
ঘৃণ্য কপাট খুলে। সব লেনদেন মুঠো বন্দী করে
বার্ন ইউনিটে খুঁজে নিল অন্তিম আশ্রয়।
বিবৃতি আর সংলাপে ফুলে ফেঁপে উঠবে টক শো
আর ওয়েব শো। পরিযায়ী ফিরে যাবে ঘরে।
হাফিজ ও বাবুলের দাফনের সিক্ত হাওয়া মেখে
একদল স্বজন ঘরে ফিরবে কঠিন পাথর - হৃতভূমে চাপা রেখে।
চাপা রেখে সব ব্যথার কলহ, নিরন্তর আহত মেঘ
বুকের বন্দরে জমা রেখে হাফিজের বাবা শুকিয়ে নেবে অশ্রু
অটোরিকশার তৃষ্ণার্ত বিবাগী হাওয়াতে। বাবুলের সহধর্মিণী
হিসেবের খাতা লিখতে লিখতে চা - পাতার গোপন সৌরভে
বুকের মধ্যে লালন করে চলবে প্রাণেশ্বরকে।
এর পরও আমরা কিনছি ১ মিলিয়ন ডলারে সামরিক অস্ত্র
২২০ মিলিয়ন ডলারে যুদ্ধ জাহাজ, আর পরিচর্যায় ৫৫৯ মিলিয়ন ডলার।
…তবু, আমরা গড়ছিনা পর্যাপ্ত আবাসিক হল, ভাবছিনা হাফিজের
কনকনে রাত্রির শীতকনা ঘায়েলের অস্ত্র নিয়ে। দেখছি না
পানিবন্দী পাঠশালা শূন্য পড়ে থাকা অসহায় সময়গুলো।
মুখ লুকিয়ে নিচ্ছি শাসক আর শোষকের ভুলে ভরা
পাণ্ডুলিপি দেখেও। আমরা একটিবারও ভাবছি না
একটি বটবৃক্ষের কথা, একটি নিশ্চিত ভবিষ্যতের সোনালি পথ। 




নীলাদ্রির হিম সরোবর
সুবিদ বাজার শাহবাগের ক্ষত না শুকোতেই ওরা চাপ চাপ আদ্রতায় ভিজিয়ে দিল নীলাদ্রির ঘরের মেঝে। এখন খিলগাঁওর ওভার ব্রিজের নীচে নিঃসঙ্গ বাতাস খেলা করে। ভীষণ একাকী আত্মা গুলো খুনিদের উল্লাস দেখে মুখ চেপে ধরে।
প্রতিটি চাপাতির হুঙ্কারে কেঁপে ওঠে পরিবেশি বাতাস। শত্রুর জন্য বদলে যায় ওদের আকার, এক একটি হায়েনা বিক্ষত করে নীলাদ্রির তাজা ফুস ফুস। এ লেখা লিখতে লিখতে বাম হাত অজান্তেই গ্রীবা ছুঁতেই বুকের মধ্যে কম্পন ধেয়ে যায় তড়িৎ। প্লাবিত হতে যাওয়া ম্যাকবুক অক্সিজেন খোঁজে ধমনীতে।
নীলাদ্রিরা বারবার জন্মে না। জন্মে না আজাদ রয় অনন্ত বিজয়, ওরা যে বাতাসে ফেলেছিল শ্বাস সে বাতাস আরও বিভীষিকাময় আতঙ্কের জানপদ। চাপাতির নিষ্ঠুর বর্বরতায় আশান্ত হয়ে ওঠে যখন জুম্মার আওয়াজ তখন একটি শহুরে কাকও ডুকরে কেঁদে ওঠেনি। যখন ফিনকি দিয়ে রক্ত ওড়ে তখন কোন কবুতর ডানায় জড়িয়ে নিলো না বেহাগের সকরুণ চিহ্ন। একটিবারের জন্য ছেঁড়া ধমনীতে কোন মানবাধিকারের স্পর্শ পেল না।

নীলাদ্রি এখন হীম সরোবরে শুধুই নাম লেখা চিঠির খাম। চিঠি খুললেই যেমন বেরিয়ে পড়ে উপাত্য ঠিক নীলের গ্রীবায় মাথায় হিংস্র ছোবলের নিশানা গুলো আদৃত চোখ যেন প্রতিবাদের হিমালয় পেরিয়ে বড্ড শ্রান্ত।  

তানভীর আহমেদ হৃদয়



ঘোড়ারোগ
কিছু রোদ, শুকানো ভালো। কিছু মর্তের আগুন,
তে-মাথায় ঢেলে দিও মা। কিছু বরই পাতা, কিছু
বেল পাতা, পুঁতে রেখো জীর্ণ ছাইয়ের ভেতর।
কিছু অস্তমিত চাঁদ, কিছু দুঃখ আঁচলে বেঁধে রেখো
শীতার্ত দিনের জন্য।

শুধু খুন নয়। তারও দীর্ঘকাল আগে, যেখানে
এঁকেছিলে মা বকরেখা; যেখানে শীর্ণকায় চাদরে
মোড়ানো আমাদের ভালোবাসাগুলো, কিংবা
তারও পরে হরিণের বাচ্চাগুলো দৌঁড়ে যেত মাঠ
অবধি, সে তো কারো বিলাসিতা নয় মা; এ
শুধুই গরীবের কিঞ্চিত ঘোড়ারোগ বলে কথা!


মর্তের ঠিকানা
হারপুনের শব্দে জেগে ওঠে রাত, অন্ধ
সরাইখানা। বিলেতি গাবের গন্ধে ঘুম ভেঙে
যায় শহরের। নগর পিতা ঘুমিয়ে আছেন বগলে
কোলবালিশ চেপে। মাছের আঁশটে গন্ধ
মসজিদ মিনারের গায়ে গড়াগড়ি খায়।
দাতব্য চিকিৎসালয়ে বাড়ে মাছিদের দৌরাত্ম্য
কানাগলি থেকে কুড়িয়ে পাওয়া পয়সাও মাঝে
মাঝে ঝনঝন করে ওঠে। শেষ বিকেলের মাঝির
নাভীর নিচে যে দাগ দেখা যায়, তার মর্ম বোঝে
না অন্ধ যুধিষ্ঠির।

আসলে এ শহরে সবাই পরাজিত সৈনিক।
মর্তের ঠিকানা খোঁজে খামোখাই কিছু পথভ্রষ্ট লোক।



অত:পর সিরিজ
ক.
ঘৃনা করা খুব বেশি অপরাধ নয়। যে যত বেশি চণ্ডাল
তার ঘৃণাও ততোধিক। উজ্জল উচ্ছল কোন পাখির ঠোঁটে
কৃষ্ণ রঙ মানায় না।
বাড়িতে যে পোষা কুকুর, তারও রয়েছে আহ্লাদি ঢঙ
আর উদ্ভট গরিমানা। বিলেতি ইঁদুরের ছানা দেখলেই
তেড়ে আসে প্রচন্ড বেগে। যেন কতকাল আগের শত্রুতা!
মাছিরাও আজকাল বাড়িতে থাকে না খুব একটা। বহু অলস
বিকেলকে ভোঁ ভোঁ করে তাঁরা ক্লান্ত করেছে খামোখাই।

অত:পর, কোন এক সূর্যিত দিনের শেষে দেখি, সফেদ
লাউয়ের বিচির মত জাঙলায় ঝুলে আছে মৃত মানুষের
কিছু সাদা সাদা দাঁত!


খ.
রোজ রোজই সে আসে। জানালার ফুটো ভেদ করে।
একেবারে ছিচকে চোরের মতন। বউটিও বড় ছিচকাঁদুনে
আজকাল। বিড়াল দেখে একেবারে পুরো বাড়ি মাথায় তুলে
নেয়। বউটির যেন বাচ্চা-বাচ্চা স্বভাব। তবু ভুলো মন
কিছু না কিছু ফেলে রাখবেই রান্না ঘরে।

অত:পর, জানালা গলে পাশের বাড়ির দুধসাদা বিড়ালটা
নি:শব্দে হেঁটে যাওয়া মানে রান্নাঘরে তোমার দুধের বাটি
খালাস!

গ.
অত:পর, এভাবেই সবকিছু খুলে যাওয়া, তারপর চলে যাওয়া
এবং সবশেষে ভুলে যাওয়া, অবশেষে সবটাই নিয়তি।

কিছু মেঘের দু:খ। কিছু ঝরে পরা মেঘের পালক। কিছু
অয়োময় দিন। কিছু নিভৃত লুপ্ত বেদনা। কিছু সৎকার।
আর কিছু আত্মদানের অহিংস পদ ব্রজবুলি। সবটাতেই রয়েছে
অমূলক সূর্যের ঘ্রাণ। আর কিছু ছাইদানিতে লেপ্টে থাকা
অতিশয় জোস্না কিছু ভিজে যাওয়া সঙ্গীত লেগে থাকে চিরকাল
কিছু গীতল সন্ধ্যা জুড়ে-

মো: ইফতেখার আলম রূপম


আর একবার ডাক দাও

অন্যায়ে প্রতিবাদী হও
প্রয়োজনে প্রতিরোধ কর,
ধর্ষণ,ব্যভিচার,অন্যায়,অবিচার,
দেশ হত্যা,জুলুম জালিয়াতি
হোক যা তা,
আর একবার যুদ্ব হোক
 
ধর্ষিত বালুকণার বুকে,
জাগিয়ে তুলো কবর'বাসী সূর্য সৈনিকদের,
যেখানে শিকল হাতে বিবেক গুলি
 
আজ বড্ড নির্লজ্জ,হচ্চে শোষিত!
 
আর একবার ডাক দাও
 
লাল সবুজের হাতে,
যেখানে মানুষত্ব কথা বলবে উদ্বত শহীদের রক্ত চোখে!
 
ভালোবাসার প্রকৃত নির্যাস ঢকঢক করে গিলে নাও হৃদপিন্ডে,
এসো,সেই অমৃত সুরা পান করে
 
স
ৎ পথে ডাক দাও-
বিপদে সহযোগী হও সহযোদ্ধা,
 
চাই,স্বাধীন হবে আমার সমস্ত স্বাধীনতার ।
মাটির মুঠোয় তুমি আমি
 
আমরা সবই মানুষ,
 
ওরাও তো মানুষ অনাহার ভোগি,
অভুক্ত আশ্রয়হীন,জরাজীর্ণ বস্ত্রগৃহ,
অবহেলিত দরিদ্র এ আমার জাতি,
 
এগিয়ে দাও-
তুমি বিত্তবান সমাজ সংগতি।
 
এসো অস্থায়ী সুখে নয়,
গড়ি তুলি মন মন্দিরে চিরস্থায়ী নিবাস,
মানুষ আমরা এগিয়ে যায়
নিরাপদ নিরপেক্ষ হয়ে-
এগিয়ে যাবে আমার বাংলাদেশ।
 
সদা জাগ্রত করে ঘুমন্ত বিবেক
 
হে জাতি জ্বালাও দ্বারে দ্বারে
 
তব বিদ্রোহী মনুষ্যত্ব প্রেমিক।

শফিকুল রাজু


বিরহ ফুলের ঘ্রাণ
উৎসর্গ:সম্রাট তালুকদার স্যার প্রিয়বরেষু

পৌষ কুয়াশার রাত, হাঁটা দূর রসুপুর…দাসদের খেজুর বাগানের সের হাড়ি, চুরি, মিথ্যে চাঁদের বুড়ি…শিমুল তলায় সেই আধাঁরে দস্যুহাট…রায়দের বড় মেয়ে অনুলতা, গোয়াল ঘরেরপ'রে গোপনে কতকথা…চাঁদ কেবৌকরা, দেরী করে বাড়ি ফেরা…দাদার কটা চোখ কতদিন না দেখা ফয়েজের ম্লান মুখ…দীর্ঘশ্বাসে জেগে ওঠে অদূরবর্তী সুদূর…
অথচ কোন কোন রাতে পাই বিরহ ফুলের ঘ্রাণ, লেখি কবিতার স্মৃতি রোগাক্রান্ত শরীর



শীতরাত
একটা হলুদপাতাও জেগে নেই…কে যেন বাজায় বাঁশি, বিষণ্ণসুর
রেললাইন পড়ে থাকে শিশির আলতা মেখে…শীতরাত ঘুম বহুদূর
মাঝরাতে ফোনবাজে, কান্নার সুর…ওপারে শরীর নিয়ে জেগে থাকে
মালতীর বোন… ঘোলা জানালার কাঁচ, খোলাবারান্দা…পাতাঝরা
নিঃসঙ্গ শিমুল…
মালতীর বোনের জেগে থাকা স্বপ্নে কুয়াশা এঁকে যায় বেদনার মুখ…



প্রেমিক
তার মুখে আঁকা ছিলো গত জন্মের প্রেম
গাঢ় রঙে আঁকা ছিলো বিরহ কিছু,
অতৃপ্ত চোখ ছিলো সেলুলয়েডের ফিতা…
ছুটে যেত,

নীলটিপ, লালঠোঁট, আধখোলা পিঠের পিছু।

কৌশিক গাঙ্গুলি




রবীন্দ্রনাথ

প্রতি ২৫শে বৈশাখে আলো আধারি খেলায় জন্মদিন জন্মদিন বলে উড়ে গেলো বন্য এক পাখি, গমকে গমকে স্মৃতি উদ্ভাসিত হয় পত্রলেখায়-হিংসা আর সন্ত্রাসের মাঝে গোলাপের বাগান, গোধূলির মায়াবী আলোতে দেখি হরিণীর আঁখি, নদীজল ছুঁয়ে নৌকায় বসে শুনি সেই জাদুগান... বাতাসে বাতাসে ভাসে গুঞ্জন যেনো বিশুদ্ধ বেহাগ। কোন এক আকুলতায় নিমফুল ঝরে মর্মরবেদীতে। অন্ধকারে প্রতিবার কার প্রতীক্ষায় জ্বলে থাকে চেরাগ, বেদনায়- ভালবাসায় আর প্রতিবাদের আশ্রয় কবিতাতে। হৃদি শোনো সেই মর্মবাণী যেন জলপ্রপাত, মানবতার দর্শন পৃথিবীর বুকে রেখেছেন রবীন্দ্রনাথ।

সৌমিত্র চক্রবর্তী



ভূ-কম্প
অত্যধিক বর্জ্য জমে গেলে
বিগত শতকের ম্যালেরিয়া
ফিরে ফিরে আসে;
জ্বরে পুড়ে যায় নোংরা শরীর
কেঁপে উঠি ভয়ঙ্কর প্রতিবর্ত ক্রিয়ায়:
কূপ থেকে উপড়ে আসে
পচা লোমের গুচ্ছ
এদিকে ওদিকে চরে বেড়ানো
ধান্দাবাজ উকুনের কিছু
চাপা পড়ে, মরে,
বাকি ছোটে আতংক সঙ্গী:
সূর্য সুপারনোভা হলে
এভাবে কেঁপেই ধ্বসে যাব ঠিক।
থমকে দাঁড়ালে পাগলি প্রশ্ন করে
জোরে হেঁটে গেলেও,
ও পাগলি, সত্যি সাদা যে মিথ হয়ে
ঝুলন্ত আকাশপ্রদীপ হয়!
ও পাগলি, ওর মধ্যেই ভালোবাসা
লুকিয়ে কাঁদে
ভাঙা পৌষালী রাতে!


বারবণিত
বহুমাত্রিক কুশলতায় মাথার ওপরে দু হাত ঘুরিয়ে জাল ছুঁড়ি নিপুণ
একে একে ধরে ফেলি খলবলে কিশোরী মাছ ঝুম বিকেলে।
কাকেদের কা-কা, চড়ুইয়ের কিচমিচ, মুখ তুলে শিকার গন্ধ খোঁজা বেজির
ছটপটে ঘড়ির কাঁটায় অলবেলা সন্ধ্যে নেমে এলে
মেকআপ বাক্স হাতে তুলে বর্তমান ঠেলে দিই অতীতের ঝলমলে পেগ এ:
তুলির প্রত্যেক কম্পিট্যান্ট টানে ক্রমশঃ পুরুষ বেশ্যা হয়ে যাই।
অদৃশ্য কেউ যেন কানের পাশে সপাট চপেটাঘাত করেই
শোনায় গর্ভধারিণীর বেশ্যা হওয়ার নিখুঁত গল্প,
গ্রীনরুমের সব আয়না হঠাৎই কাচের ভঙ্গুর দরজা হয়ে ফিকফিক হাসে:
রিভলভিং মঞ্চে দাঁড়িয়ে বেমতলব হাসিকান্নার ঝড় তোলে
মহারাজ নিঃসঙ্গ অয়দিপাউস।


অমোঘ
না সংশয় রাখিনি আমিও
জন্মান্তরে বিশ্বাসও না,
বিকেলের নদীর ভাঁটায়
হঠাৎ হরকা বানে
একে একে ডুবে যায় বদ্বীপ:
না, সংশয় রাখিনি
বুজে যাওয়া আঁচড়ের দাগে
জ্বরতপ্ত নিষিদ্ধ টিন ঠোঁটে
একলা সন্ধ্যের ঘরের এজলাসে:
সব সংশয় তোমার ব্রাহ্মী গালে
জিভে, বিষুবীয় বিভাজনে
বন্ধক রেখে স্বাধীনতা উদযাপন করেছি।

থাক
তাহলে! সরু সুতোয় পাক লেগে ছিঁড়ে যায় সময়ের লিংক,
কোনো বিষাক্ত ঢিলে পুকুরের নোংরা জলে ঘুলিয়ে ভেসে ওঠে পাঁক।
যত প্রতিশ্রুতি, যত আলোর আভা মাখা কর্পোরেট প্ল্যান
হঠাৎই নীরব অবজ্ঞায় পরিত্যক্ত হয়ে পড়ে যায় ভাঙাচোরা ডাস্টবিনে;
ময়লার মাঝে চাপা পড়ে খুন হয়ে যাওয়া অকালমৃত ভবিষ্যতের
চোখের এক ফোঁটা বায়বীয় মায়া:

তাহলে! যাব বললেও সব জায়গায় যাওয়া হয় না অকালগমনে।

মন্জু দত্ত



ভাবনায় রবীন্দ্রনাথ

সারা রাত ধরে ঝিমানোর পরে
         উড়ে গেল ভোরের পাখিটা
উন্মুক্ত ডানা মেলে আলো ঝলমলে
          স্বপ্নীল আকাশের বুকে।

আমার কপালে জমছে বিন্দু বিন্দু ঘাম
            খুঁজে চলেছি,তোমার নাম
তুমি কে? পরিচয় কি?
              এটা পাওয়া এতটাই সোজা নাকি?

তুমি আছো ছেলে বেলা জুড়ে
             কৈশোরে শ্বেত টগরে মুড়ে
বয়ঃ সন্ধির উন্মত্ত প্রেমে
              দেহের শিহরণে,প্রেমে গলা মনে ।।

উছলিয়া ওঠে ক্ষণে ক্ষণে
             এত অনুভূতি ছিল মনে?
আনন্দে আত্মহারা
              বেদনায় অশ্রুধারা ।।

পূজাতে ভক্তির থালা
              প্রেমেতে পাগলা হাওয়া
প্রকৃতি থমকে যাওয়া
                কখনো লেখনি অস্ত্রশালা ।।

কি এমন আছে তোমার
              করেছো আপ্লুত মন সবাকার
জানতে বড় ইচ্ছে করে
               কোন আশীষের ঝরনাধারা
সবার মনে দিয়েছে নাড়া?

ছুঁয়েছো সবার মনোভূমি
               রাতের চন্দ্রশোভা তুমি
তারার আলোর অঞ্জলি
               সূর্যের সাথে রেখেছো মিতালি ।।

তুমি কে? তুমি কে গো?
              দাড়িওলা মনচোর বুড়ো
তোমার চাওয়া তোমার পাওয়া
              সবটাই তো এক হয়ে যাওয়া ।।

সবটাই গান সবটাই কবিতা
            গদ্যটাকে রেখেছো বাহুপাশে
যেন চির নবীন তরুলতা ।।

তুমি নাই ভাবতে পারিনা
            গান হয়ে আছো কবিতার মাঝে
গল্প তোমার প্রদীপ সাঁঝের
              তুমি অনন্ত লোকের কৃষ্টি 
তুমি নারীর চেতনা দৃষ্টি
                ধন্য ধন্য বলি তোমার সৃষ্টি ।।

তুমি আসবে আবার ফিরে
             আসতে তোমাকে হবেই

দাড়ি বুড়ো, থুড়ি, রবিঠাকুর
             বৈশাখের তেজ, শ্রাবণের ধারা
শীতের চাদর কাঁপন ধরা
              ভাবতে পারিনা কিছু তুমি ছাড়া।।
তুমি এসো,ধন্য হোক এ ধরা ।।

“এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে
বাহির হয়ে এসো তুমি যে আছো অন্তরে”।।