24 March 2016

ফারাহ্ সাঈদ



রুদ্রাক্ষের মালা

বৈষ্ণবীর পায়ের আওয়াজ পাওয়া যায়। কাপ-পিরিচের ঠুকাঠুকি বন্ধ করে দিয়ে সে কান পেতে শোনে। দোকানঘরের হারিকেনটা হাতে নিয়ে উঁচু করে রাস্তায় দিকে ধরে। আবছা আলোয় খুব বেশি দূর দেখা যায় না। গেরুয়ারঙের আদলে একটা কিছু হেঁটে আসছে বলে মনে হয়।
বদি চায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে উঠে দাঁড়ায়, এতোদিন কই আছিলেন দিদি?
মাধবী ফিরে তাকায়, কেগো তুমি?
-আমি কুসুমপুরের বদিউল।
মাধবী ভ্রু কুচকে ওর তাকিয়ে থাকে।
-পান আছে তোমাগো দোকানে? পুরাটা পথ পান খাইতে পারি নাই। আকাল পরলো নাকি?
-দুইদিন ধর্মঘটের কারণে হয়তো বাজারে পান ওঠে নাই।
-গেরামেগঞ্জে আবার কিয়ের ধর্মঘট?
-দিদি কী যে কন, আইজকাল শহরের বাতাস গেরামেও লাগছে। দিদি আমার লগে কুসুমদুপুর চলেন, অনেকদিন ঐদিকটায় দেখি নাই আপনারে।
-তোমাগো গেরামে ক্যান যামু? কী আছে অইখানে?
-আমার সঙ্গে চলেন, দিদি। আপনার পছন্দের আছে একজন।
-আমারে পান খাওয়াইতে হবে কিন্তু!
ওরা পাশাপাশি হাঁটে। বদি মাধবীর পুটলিটা কাঁধে নেয়!
-এইবার কদ্দিন থাইকবেন দিদি?
-আমারতো ঘরবাড়ি নাই। যতদিন ইচ্ছা থাইকতে পারি।
পেছনে কে যেনো হেঁটে আসছে। ওরা সরে দাঁড়ায়। সরু রাস্তা। লোকটা তবু এগিয়ে আসে না। বদি পেছনে ফিরে তাকায়। - দিদি কেউ ছিলো কি আমাদের পেছনে?
-ছিলোতো, কোথায় গেলো মানুষটা?  বদি বারবার পেছন ফিরে তাকায়।
-কুসুমপুর আর কতোদূর বদিমিয়া? টর্চের আলো ফেলে পূবের দিকে ইশারা করে, এইতো আর কিছুদুর।
-তুমি কুসুমপুরের কার কথা কইতাছো?
বদি দরজায় কড়া নাড়ে, দরজা খোলো সুরুজ, দরজা খোলো। ১০ মিনিট পেরিয়ে যায়।
-এ তুমি কার বাড়িতে নিয়া আসলা বদি?
কুপি হাতে দরজা খুলে দাঁড়ায় সূর্যনা। মাধবী চমকে ওঠে, সূর্য তোর কি হইছে? সে জড়িয়ে ধরে মেয়েটাকে। ও কোনো কথা বলে না। ভাবলেশহীন সূর্যনা বেগমের সুশ্রী মুখখানা কালোমেঘের বন্যা ঢেকে আছে! বদিউল নীরবে দুয়ারে দাঁড়িয়ে আছে। মাধবী ঘরে আসতে বলে।
-নাহ্ দিদি ঘরে ডাইকো না, বিপদ হবে।
-তুমি যাও আমার ঘরের সামনে থাইকা। সূর্যনা বলে। মাধবীর পুটলিটা হাতে ধরিয়ে দিয়ে নিজের বাড়ির দিকে রওয়ানা হয় বদিউল।
-সূর্য তোর কী হইছে, আমারে বলবি না?
-তুমি বদিরে জিগাইতে পারো না? ও তোমারে কিছু কয় নাই? সূর্যনা রান্নাঘরের দিকে মাধবীকে নিয়ে যায়। ভাত তরকারি থালাতে সাজিয়ে বলে, চাইরডা খাও দিদি। পোড়ামরিচ আর পেঁয়াজকুচি থালাতে রাখে সে।
-তুই খাবি না?
-নাহ্, আমার গলা দিয়া কিছু নামেনা গো দিদি।
-সূর্য একটা কথা... তোফাজ্জল কই? তোদের বিয়েটা...? মাঝপথে থামিয়ে দিয়ে সূর্যনা, তফু আর নাই গো দিদি। মাধবীর মনে পড়ে যায় সেইসব দিনের কথা। হাইওয়ের দুপাশে সবুজক্ষেত। কাকতাড়ুয়া ছিলো। সেই মেয়েটি আইলের পাশে বসেছিলো।
-তোমার গলায় ঐটা কি দিদি?
-ঐটা মালা, রুদ্রাক্ষের মালা, তুই চিনোসনা সুরুজ? তোফাজ্জল বলে ওঠে।
-তোমার নাম সুরুজ?
-না, আমার নাম সূর্যনা। চাচাজান রাখসেন।
-ভারি সুন্দরতো!
-ছোটোকালে আমি অনেক সুন্দর ছিলাম। সূর্য থিকাও বেশি ফকফকা।
-সূর্য না, সূর্য থিকাও বেশি সুন্দর! মাধবী হাসে। অট্রহাসিতে ওর দুচোখে জল। মাধবী, আইলের উপর বসে পড়ে। বাটা খুলে পান সাজায়।
-পান খাবি পাগলি?
-আমারেও একটা পান দেন দিদি। তফু হাত বাড়ায়। তারপর থেকে গ্রামে এলেই ওরা দু'জন বৈষ্ণবীকে ঘিরে রাখে।
'প্রণামি বৈষ্ণব তোমারে পরজনমে মোরে রাখিও রাধার আদলে...' গান ধরে মাধবী। সূর্য আর তফুও গান গায়। সূর্যের দুঠোট লাল, ওর খোঁপায় গাঁদাফুল। তফু আড়চোখে ওকে দেখে। কিছুই মাধবীর নজর এড়ায় না। পুজোর সময় লালরঙা পাতলা কাগজ ঠোঁটে ভিজিয়ে লাল করে বীরেণদের বাড়ি যেতো মাধবী। মায়ের লিপিস্টিক হাতের নাগালে পেতো না তখনো।
  
সূর্য বিছানা ঠিক করে দেয় মাধবীর। মার হাতে বানানো কাঁথাটা পাশে রাখে। সূর্য মাদুর পেতে মেঝেতে শোয়। ঘুম আসে না মাধবীর। সূর্য আর তোফাজ্জলের কথা ভাবে। মাধবী বলেছিলো, তোমরা বিয়া করবা না?
-শিরীষ গাছ সাক্ষী রাইখা আমরা কবেই মালাবদল করছি। তফু বলে।
-আল্লার কিরা দিদি আমাগো বিয়া হইয়া গেছে, তুমি বিশ্বাস করো! সূর্য কথাটা বলেতে গিয়ে লজ্জায় মাধা নিচুঁ করে রাখে।
-বদি, ওরে ঘরে তুলে নাও, আর কতোদিন দুইজনে বনে বাদারে ঘুইরা বেড়াইবা?
-দিদি, আমার সংসার ভালা লাগে না।
-আমি আর বদি তোমার সাথে গেরামে গেরামে যামু, তুমি গান ধরবা "আমার চক্ষু নাই... কে আমার পথের পানে চায়.." -পাগলি তুই কী বলস, তোর সংসার হইবে, ছাওয়াল হইবে, ধানের মৌসুমে তোদের উঠানে গানের জলসা হইবে। আমি আসমু। এসব কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে মাধবী। গোঙানির শব্দে ঘুম ভেঙে যায়। সূর্য কাঁদে, ডুকরে কাঁদে। ওঠ সূর্য, ওঠ। তোর কী হইছে? মাধবী গ্লাস খোঁজে, কোথায় রাখলি জল? সূর্য তুই উঠে বস! আলো ফোটেনি আকাশে। দরজা খুলে দাওয়ার বসে থাকে সূর্য। ঘরের পাশে উঠোনের নিমগাছটা নিশ্চুপ দাঁড়িয়ে আছে। কুয়াশায় নিমজ্জিত তাদের গ্রাম। সমুদ্র তলদেশে ডুবে থাকা একটি পুরোনো জাহাজের মতোই। শ্যাওলা আর মাছেদের দেশে নাবিকহীন এ জাহাজবাড়িতে একাকী বসে আছে এক বিমর্ষ মৎসকন্যা, সূর্যনা। জাহাজের মাস্তুল ধরে দাঁড়িয়ে আছে সে। কিসের অপেক্ষায়? আসবে কি সে ডুবুরীবেশে! হাত ধরে নিয়ে যাবে সূর্ষস্নানে। ঘন হয় কুয়াশার ভোর, আরো ঘনীভুত। কোথায় উদ্ধারকারী?
-সূর্য, আমার দিকে তাকা! কথা বল, ঘরে আয় সুরুজ। ঘরে নিয়ে এসে মাধবী সূর্যের এলোচুলে চিরুনি দেয়।
-দিদি, তফু আমারে ছাইরা চইলা গেছে!
-কই গেছে ঐ হারামজাদা?
-বদি সব জানে, ওরে জিগাও। আমি কি কিসু জানি না।
-বদি সব জানলে তোরে কইবো না কেন?
-তুমি জানো, বদি আমারে বিয়া করতে চায়, চাচাজানের কাছে প্রস্তাব দিসে। তুমি ওরে কয়া দিও, ও যাতে আমার সামনে না আসে। ও আমার তফুরে গায়েব করসে। মাধবী স্নান সেড়ে দিঘির পাড়ে শাড়ি শুকোতে দেয়। বদি আসে, সুরুজ কেমন আছে দিদি, কিছু কইসে আপনেরে?

-তফুর কী হইসে বদি, এইসব কী কয় মাইয়াডা?
-তুমি ওরে বিয়া করতে চাও?
-দিদি সূর্যের মাথা ঠিক নাই। তফু কোথাও যায় নাই। ওরে আপনি এই গেরামে দেখতে পাইবেন। সূর্যের কি যে হইসে আমি জানি না। বাপমা নাই চাচার কাছে বড় হইসে, চাচিও বাইচা নাই, বাড়িতে একলা মাইয়ামানুষ। আমার চিন্তা লাগে দিদি, ও যে কখন কী করে!
-বদি, তুমি আমারে তফুর কাছে নিয়া যাইতে পারো? পারুম না কেন? নিয়া যামু আপনেরে। আমি ওর লগে কথা কইনা, আপনেরে দেখলে কথা কইবো তফু। পুকুরঘাটে ওজু করছিলেন তিনি। শাদা লম্বা কোর্তায় খুব সহজে চিনে ফেলা যায় মানুষটিকে। মাধবী লম্বা ঘোমটা টানে। চাচাজানের সাথে দেখা হয়।
-তুমি ভাল করসো বৈষ্ণবী আমাগো বাড়ি আইসা। সুরুজের শরিলটা ভালা না। তুমি ওর লগে কয়টা দিন থাকো। সুরুজরে নিয়া আমি আর পারি না। আমার বয়স হয়া গেসে।
সূর্যের ঘরের দাওয়ায় জটলা করে দাঁড়িয়ে আছে কজন।
-কী হইসে এখানে? - ওরে জ্বীনে ধরসে দিদি, দেহেন কেমুন করতাসে! সূর্য উপুড় হয়ে পড়ে আছে। পাশে তারাবিবি কোরান শরিফ পড়ছেন। গোঙানির শব্দ যে আর থামে না! তজবি হাতে চাচাজান নিষ্পলক তাকিয়ে আছেন নিমগাছটার দিকে। -বদি, মনুরে খবর দে, এই নিমগাছটাই সব শয়তানের জড়। আমার সুরুজরে শেয কইরা ফালাইসে। মনুরে ক গাছটা কাইটা ফালাইতে। মনুরে এখনি খবর দে তোরা! তারাবিবি সুর করে কোরান শরিফ পড়েন। সূর্যের মুখ ফেনা ওঠে। তারাবিবি কোরান রেহেলে রেখে সূর্যের মাথায় ফু দেয়। গোঙায় সূর্যনা। ডাক্তারের কাছে নিয়া যান চাচাজান, কে যেনো বলে ওঠে, ওরে জ্বিনে ধরসে।
-খারাপ জ্বিন, ডাক্তার কবিরাজে কাজ হবে না, তারাবিবি বলে ওঠেন। পানিপড়া গায়ে ছিটায় তারাবিবি। ভিজে যায় হলুদিয়া শাড়ি। বাধা দেয় সে। প্রচণ্ড এক চড়ে বসে পড়ে সূর্যনা বেগম। মাধবী আর দাঁড়াতে পারে না। বদির হাত টেনে নিয়ে রাস্তায় নামে, আমারে তোফাজ্জলের কাছে নিয়া চলো বদি। ওরা ঘুরে বেড়ায় পথে পথে একটা মানুষের খোঁজে। দুপুরের খরারোদে। বিকেলের নিমরোদে। কোথাও দেখা মেলে না তোফাজ্জলের। সন্ধ্যে নেমে এলে চৌধুরীদের রাইসমিলে ঢোকে। ছেলেটা অনেকবছর এখানে কাজ করতো। একবার খোঁজ নিয়ে দেখতে চায় বদিউল। সুপারভাইজারের সাথে কথা বলে মাধবী।
-তোফাজ্জল আপনার কী হয়?
-না কিছু না। ওর সাথে আমার কয়ডা কথা আসিলো।
-ওরে সকালে পাইবেন, এইখানেই কাজ করে। বদি আড়ালে দাঁড়িয়ে সব কথা শোনে। মাধবী বাটা খুলে একটা পান সুপারভাইজারের হাতে দিয়ে বেড়িয়ে পরে।
-দিদি চলেন কাইল সকালে আপনারে নিয়া আসুম। নাহ আমি যামু না। তফুরে না নিয়া আমি সূর্যের কাছে ফেরত যামু না বদিমিয়া। রাত বাড়ে। বাজারের দোকানপাট প্রায় সবই বন্ধ হয়ে যায়। রিক্শা স্ট্যান্ডে গোটাকয়েক মানুষ। বদি বুঝতে পারে না। এতোরাতে মাধবীকে কোথায় নিয়ে যাবে সে? সারারাত এখানে কেমন করে থাকবেন মাধবী?
-বদিমিয়া তুমি চইলা যাও, মানুষ তোমারে খারাপ কইবো আমার সাথে এখানে দেখলে, তুমি যাও, বাড়ি যাও।
-না আমি যামু না। সুরুজের অবস্থা দেইখা আমার আর ভাল লাগে না। মাধবী কোনো কথা বলে না। ডাক্তারখানার বারান্দায় বসে পড়ে। বদি চা নিয়ে আসে।
-এতরাতে চা কই পাইলা বদিমিয়া?
-দোকান বন্দের সময়, জোর কইরা দুইটা চা নিয়া আইসি। দিদি, পান কি শেষ?
-না, খাইবা? বদি মাধবীর দিকে তাকায়। আজ ওকে সূর্যনার মতো লাগছে। সবুজ বুটিদার শাদাশাড়ি। আবিরমাখা ঠোঁট। রুদ্রাক্ষের মালা। কে এই মানুষটা, কিসের টানে বসে আছে বদি? সুরুজের জন্যে, নাকি রুদ্রাক্ষের মালার?
-তোমারে একটা কথা জিগাই বদিমিয়া! তুমি কি সূর্যরে ভালবাসো না?
-সুরুজের আমি কেউনা বৈষ্ণবী, সুরুজ আর তফুর কথা আপনেতো সবই জানেন।
-আমার দিকে তাকাও! সে তাকাতে পারেনা। বৈষ্ণবী নীরবতার মানে বোঝে। কলতলায় হাতমুখ ধুয়ে নেয় মাধবী। সারারাত ঠায় জেগেছিলো সে। সকাল হতেই রাইসমিলের দরজার কাছে দাঁড়িয়ে থাকে সে। লোকজন আড়চোখে তাকায়। মাধবী চোখ মেলায় না কারো সাথে! ও কি চিনতে পারবে তোফাজ্জলকে? এতোদিন পরে? সুপারভাইজার সামনে এসে দাঁড়ায়, আপনি আমার সাথে আসেন। মাধবী পেছন ফিরে তাকায়, নাহ বদিকে কোথাও দেখা যাচ্ছে না।
-দিদি, আপনি এইখানে?
-তোফাজ্জল তুমি কেমন আছো? তোমারে দেখতে আসছি! তুমি এতো রোগা হয়া গেছো কেন? তোমারেতো আমি চিনতেই পারি নাই।
-মাধবীদি আপনিতো অনেকদিন পড়ে এই গেরামে আইসেন, কিছুই জানেননা। সুরুজ আমারে ছাইরা গেছে...।
-কী কথা কও? আমিতো ওর ঘরেই আছিলাম। তুমি আমার সাথে চলো তফু, ওর শরিলটা ভালা না।
-কি কন দিদি, ওতো ওর বাড়ি থাকে না, ওরে জ্বীনে ধরছে, ঐ ইতর বদির সাথে জ্বীন আছে। ও আমার সুরুজরে...
- তুমি আমার সাথে চলো তফু। ও তোমার শোকে পাথর হয়া গেছে। তোফাজ্জলের চোখ গড়িয়ে দুফোটা জল, ও আমার সুরুজ না। জ্বিনে কাবু করসে ওরে। ও আর মানুষ নাই দিদি । আপনি ফিরা যান। সে হাঁটতে শুরু করে উত্তরের দিকে। মাধবী ফিরে আসে। বদি দৌড়ে এসে সামনে দাঁড়ায়, দিদি তফুরে পাইসেন? ওরে সাথে কইরা আনেন নাই কেন? বদি, ও জ্বিনের কাছে যাইবো না। জ্বিনের বেটি সূর্যনা, ও আর মানুষ নাই। গলার মালাটা বদির হাতে গুজে দেয় মাধবী, ওরে তুমি বিয়া করো বদিমিয়া। সূর্যরে। তোমার সাথে জ্বিন আছে বদিমিয়া। তোমার ডরের কিছু নাই। অট্টহাসিতে ফেটে পড়ে বৈষ্ণবী।


আবুল কাইয়ুম


আগা শহীদ আলীর কবিতা
 ‘ঢাকাই মসলিন’
প্রতিবেদক ও অনুবাদক:
আবুল কাইয়ুম

বিশ শতকের শেষ দিককার বিশ্বকবিতার সহসা ঝলকিত আলোরশ্নি আগা শহীদ আলী (১৯৪৯-২০০১), যিনি প্রাচ্য ও প্রতীচ্যের সংস্কৃতির মেলবন্ধনে আধুনিক কবিতায় একটি নতুন আবহ সৃষ্টিতে প্রয়াসী হন। তাঁর নিজেরই ভাষায়, এ তাঁর ‘বহুমাত্রিক নির্বাসন’। ভারতের শ্রীনগরে এক সম্ভান্ত মুসলিম পরিবারে তাঁর জন্ম। ভূস্বর্গ কাশ্মিরের মনোরম পরিবেশে তাঁর বেড়ে ওঠা। কাশ্মির ও দিল্লী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন এবং ভারতে ইংরেজিতে দুটো কবিতা-পুস্তিকা প্রকাশের পর তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। অত:পর পেনসিলভ্যানিয়া বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি সাহিত্যে পিইচডি (১৯৮৪) এবং অ্যারিজোনা বিশ্ববিদ্যালয় হতে সৃজনশীল সাহিত্যে এমএফএ (১৯৮৫) ডিগ্রি লাভ করেন। যুক্তরাষ্ট্রের আধুনিক কবিতা-সাহিত্যের প্রতিষ্ঠানিক বলয়ে অবস্থান করে এবং সমকালীন মার্কিন কবিদের সান্নিধ্যে তাঁর কবি-প্রতিভা পরিশীলিত হয়। চেৌদ্দ বছরের মধ্যে তিনি প্রকাশ করেন ছয়টি কাব্য। এগুলো হচ্ছে- ‘দ্য হাফ-ইঞ্চ হিমালয়াস’ (১৯৮৭), ‘এ ওয়াক থ্রু দ্য ইয়েলো পেজেস’ (১৯৮৭), ‘এ নস্টালজিস্টস্ ম্যাপ অভ্ অ্র্যামেরিকা’ (১৯৯১), ‘দ্য বিলাভেড উইটনেস : সিলেক্টেড পোয়েমস্’ (১৯৯২), ‘দ্য কান্ট্রি উইদাউট এ পোস্টঅফিস’(১৯৯৭) এবং ‘রুমস্ আর নেভার ফিনিসড্’ (২০০১)। স্বল্পায়ু জীবনে কবিতার জন্য তিনি পাঁচটি স্বনামধন্য শিক্ষা-প্রতিষ্ঠান ও সংগঠন থেকে ফেলোশিপ লাভ করেন, যা তখন অনেক মার্কিন বংশোদ্ভূত খ্যাতনামা কবির জন্যও ঈর্ষণীয় প্রাপ্তি ছিলো। কবিতা রচনায় অতুলনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে পুশকার্ট পুরস্কারে ভূষিত করা হয়। তিনি পেনলিভ্যানিয়া, প্রিন্সটন ও ইউটাহ্ সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। আগা শহীদ গজলের সাঙ্গীতিক ঐতিহ্যকে পশ্চিমা কাব্যিক ঢংয়ের মাঝে, ইংরেজি ভাষার ধ্বনি ও ছন্দদোলার মাঝে ছড়িয়ে দিয়েছেন। ঢাকার মসলিন নিয়ে লেখা তাঁর বিশিষ্ট কবিতা 'The Dacca Gauzes' সমকালীন বিশ্ব-কবিতার অমূল্য সম্পদ। তিনি কাম্মিরি-অ্যামেরিকান কবি হয়েও এ কবিতার মাধ্যমে বাঙালির সোনালি ঐতিহ্যের মহিমাকে বিশ্বসভায় তুলে ধরেছেন। নিম্নে এই মহতী কবিতাটির অনুবাদ তুলে ধরা হলো।



‘ঢাকাই মসলিন’
(সারা বছর ব্যবহারের জন্য তারা জমাতে সচেষ্ট ছিলো সবচেয়ে নিখুঁত চমৎকারিত্বপূর্ণ ঢাকাই মসলিন। –অস্কার ওয়াইল্ড/দ্য পিকচার অভ্ ডরিয়ান গ্রে)
------

সেই স্বচ্ছ ঢাকাই মসলিন
যাকে বলা হতো তাঁতে বোনা হাওয়া,
কিংবা ছুটন্ত জলধারা বা গোধূলি শিশির:

এখন মৃত শিল্প,
শত বছর ধরে মৃত। দাদিমা বলেন,
‘আজ আর কেউ জানে না
সেই কাপড় ছিলো কিনা পরার জন্য,
নাকি তাকে কেবলই হতো ছোঁয়া’
।

তিনি একদা পরতেন
ঐতিহ্য সূত্রে পাওয়া এই শাড়ি, অর্থা
ৎ
তাঁর মায়ের বিয়ের যেৌতুক। খাঁটিত্ব প্রমাণের জন্য
একটি আংটির মধ্য দিয়ে অনায়াসে টেনে নেওয়া যেতো
এই ছয় গজ দীর্ঘ শাড়িটাকে।

কয়েক বছর বাদে শাড়িটা ছিঁড়ে গেলে
তা থেকে তৈরি করা হলো
সোনালি সুতোর চেলি টানা বেশ কিছু নকশি রুমাল

যেগুলো বিলি করা হলো
ভাগিনেয়ী আর ননদদের মাঝে;
সে সবও হারিয়ে গেছে আজ।

ইতিহাস থেকে শেখা : ব্যবচ্ছেদ করা হলো
তাঁতীদের হাত,
নিথর বাংলার সেই তাঁত,
বৃটিশ বনিক স্বদেশে চালান দিলো
কাঁচা তুলো।

ইতিহাস যদিও তাঁর কাছে অর্থহীন,
দাদিমা কেবল বলেন-
আজকের মসলিন নামের বস্ত্রগুলো
কতো রুক্ষ ও পুরু মনে হয়
এবং শুধু শর
ৎকালে এখনও ভোরের প্রার্থনা শেষে
সেই সূক্ষ্ম বুনট ফোঁটে যে কারো অনুভবে।

দাদিমা আরো বলেন, এক সকালে বাতাস ছিলো কুয়াশা-চর্চিত,
তিনি আনমনে নিজের আংটির মধ্য দিয়ে
টেনে নিয়েছিলেন সেই ঢাকাই মসলিন।




মূল কবিতা
*********

The Dacca Gauzes
*************************

(...for a whole year he sought to accumulate the most exquisite
Dacca gauzes. -Oscar Wilde/The Picture of Dorian Gray)
------


Those trasparent Dacca Gauzes
known as woven air, running
water, evening dew:

a dead art now, dead over
a hundred years. "No one
now knows," my grandmother says,
"what it was to wear
or touch that cloth."

She wore
it once, an heirloom sari from
her mother's dowry, proved
genuine when it was pulled, all
six yards, through a ring.

Years later when it tore,
many handkerchiefs enbroidered
with gold-thread paisleys

were distributed among
the nieces and daughters-in-law.
Those too now lost.

In history we learned: the hands
of weavers were amputated,
the looms of Bengal silenced,
and the cotton shipped raw
by the British to England.

History of little use to her,
my grandmother just says
how the muslins of today
seem so coarse and that only
in autumn, should one wake up
at dawn to pray, can one feel that same texture again.

One morning, she says, the air
was dew-starched: she pulled
it absently through her ring.

মনোজিৎকুমার দাস


 প্রজাপতির নির্বন্ধ

শীতকালটা ছোটবেলা থেকেই ললিতা’র ভাল লাগে । লেপের ভেতর থেকে উঠার পর উঠোনের এক কোণে আগুণ পোহানোর কথা এখনো তার মনে পড়ে। ঠাকুরদার আমলে পাড়ার মধ্যে ঠাকুরবাড়ির মানসম্মান ছিল আলাদা। ঠাকুরবাড়ির বড় গোঁসাইকে লোকে গন্নিমন্নি করার কথা ললিতা এই বয়সেও মনে আছে। সে সময় ললিতা ভাবত, ঠাকুরবাড়ির বড়গোসাই আমার ঠাকুরদা, তাই আমাদের একটা আলাদা সম্মান আছে।

আমরা একভাই, দু’বোন। আমার ঠাকুরদা ঠাকুমার দু’ছেলে, বিরিঞ্চি ও শীতল। আমার বাবা শীতল ছোট, আমার জেঠু বিরিঞ্চি ঠাকুর। জেঠুকে আমি আজ পর্যন্ত দেখিনি। দেশভাগের পরপরই আমার জেঠু দেশ ছেড়ে ওপারে চলে যান। নরেন বাবুর পাঠশালায় মাইনর ক্লাস পর্যন্ত নাকি  তিনি পড়াশোনা করেছিলেন। ওপারে গিয়ে কলকাতার গঙ্গার ওপারের উত্তরপাড়ার হিন্দমোটর কোম্পানীতে চাকরী পাওয়ার পর বিয়ে থা করে কোন নগরে বসবাস করছেন। তাঁর এক ছেলে আর এক মেয়ে।  জেঠু’র বিয়েতে ঠাকুরদা ঠাকুমার ওপারে যাওয়ার ইচ্ছে থাকলেও শেষ পর্যন্ত হয়ে ওঠেনি পাসপোর্ট ভিসা না থাকায় । ঠাকুরদার বড় বোন সৌদামিনী , আমারও সম্পর্কের ঠাকুমা ,ওখানে আমার জেঠু’র বিয়ে থা দিয়েছিলেন। সৌদামিনী ঠাকুমাকে আমি দেখিনি। সৌদামিনী ঠাকুমা প্রায়ই নাকি আমার ঠাকুরদাকে এখানকার পাঠ চুকিয়ে ওদেশে চলে যাওয়ার জন্য চিঠি দিতেন। বাবা’র মুখে শুনেছিলাম,ঠাকুরদা নাকি বলতেন- নিজের ভিটেমাটি ছাড়ে, পরবাসে যাতি হবি ক্যানে ! ও-দ্যাশে গেলি পারে কি আমারে ঠাকুরবাড়ির বড় গোসাই কেইবা বলবি। এত জমিজিরেত রাখে পরের দ্যাশে ক্যানে যাব।

সত্যি সত্যি ঠাকুরদা’র জমিজিরেতের সঙ্গে মানসম্মান ছিল অগাধ, ব্রিটিশ আমলে আমাদের গয়েশপুর ইউনিয়নের প্রেসিডেন্ট হয়েছিলেন বিনা নির্বাচনে। সেই বংশের মেয়ে আমি ললিতা আর আমার দিদি মালতি। মালতি আমার চেয়ে বছর ছয়েকের বড়। ঠাকুরদা আমাকে বেশি ভালবাসেন বলে আমার দিদি আমাকে হিংসেয় মরে যেত। মাইল খানেক দূরের হাইস্কুলে ভর্তির আগের বছরে আমাদের পরিবারে একটা অঘটন ঘটে গেল। 

সেদিন সকাল সকালই মহকুমার উকিলের সেরেস্তা থেকে বাড়ি ফিরে এসে তিনি বাবাকে যা বলেন তা থেকে বুঝলাম তার মনের অবস্থা ভাল না। - শীতল কেসে আমাগেরেই জিত হবেনে, তাহলি কী ওরা তো গুন্ডাপান্ডা! আমরা জিততি পারলিও জমি কি ওরা ছাড়ে দেবেনে। আমি এটুকুই শুনেতে পেলাম।  সে রাতের খাওয়া একটু সকাল সকালই হল। খাওয়ার পরে ঠাকুরদা রোজকার মত পান খেয়ে হকোয় কুড়ুত কুড়ুত শব্দ করে ঠেস বেঞ্চে বসে তামাক খাচ্ছেন দেখে আমি আর দিদি শুতে গেলাম। শুতে না শুতেই আমাদের চোখে ঘুম জড়িয়ে এল। হঠাৎ  পরপর বাজির শব্দের মতো শব্দে আমার ঘুম ভেঙে গেল। দিদি ঘুম জড়ানো কণ্ঠে বলল- বাবুপাড়ায় ছোটবাবুর ছেলের বিয়ে, তাই হয়তো বাজি ফুটাচ্ছে। বারান্দা থেকে কান্নার রোল কানে আসার আমরা দু’বোন বিছানা থেকে উঠে পড়িমড়ি করে বারান্দায় গিয়ে দেখি ঠাকুরদা ঠেস বেঞ্চের সামনে মাটিতে পড়ে আছে শরীর থেকে রক্ত ঝরে বারান্দাটা রক্তের নদী হয়ে যাচ্ছে। ঠাকুমা, বাবা ও মা তাকে ঘিরে কান্নাকাটি করছে। প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারলাম , ঠাকুরদাকে কাছ থেকে গুলি করেছে। দিদি ঠাকুরদার নাকের কাছে হাত দিয়ে বলল- নি:শ্বাস পড়ছে না। আমি নাড়ির গতি দেখার চেষ্টা করে বুঝলাম , ঠাকুরদা বেঁচে নেই। পরে আমি বুঝতে পারি  জমিজিরেত রক্ষা করার জন্যই ঠাকুরদাকে জীবন দিতে হয়েছে। ভারতে বসবাস করা আমার জেঠু ঠাকুরদাকে বারবার ভিটেমাটি ছেড়ে ওদেশে চলে যেতে বলেছিলেন। কিন্তু ঠাকুরদা তার কথায় তিনি সে সময় নিজের জন্মভূমি ছেড়ে যাননি।

ঠাকুরদা আততায়ীর হাতে নিহত হওয়ার পর থেকেই আমাদের পরিবারে নেমে এল দু:খের দিন। ঠাকুরদা বেঁচে থাকতে বাইরের কোন লোকই আমাদের বাড়ির ভেতরে আসার সাহস করতো না। ঠাকুরদা বেঁচে থাকাকালে বাবা সংসারের দিকে নজর দেননি। আমার বড়দা পড়াশোনায় মন বসাতে না পারায় আমার ঠাকুমা ও মা খুবই কষ্টে ছিলেন।  বড়দিও টেস্ট পরীক্ষায় ফেল করে পড়াশোনা ছেড়ে দেওয়ায় আমিই বেশি কষ্ট পেলাম, ও স্কুল ফাইনালটা পাশ করলে ওর দেখাদেখি আমিও পড়াশোনা চালিয়ে যেতে পারতাম।

ঠাকুরদা মারা যাওয়ার পর আমাদের অনেক জমিজমা কালু মুন্সি দখল করে নিল। আমার বাবার পক্ষে তা উদ্ধার করা সম্ভব হল না। আমার বাবা শীতল ঠাকুর খুবই শান্ত মানুষ। মা আমার বড়দাকে বললেন- বাড়িতে দুটো সোমত্ত মেয়ে, তাদের মধ্যে বড়টা তো তোর মতোই পড়াশুনা করল না। ওর তো বিয়ের বয়স হয়ে উঠেছে। তাকে তো ব্রাহ্মণ পরিবারে বিয়ে দেওয়ার জন্য এখন থেকেই চেষ্টা করা উচিত। মায়ের কথা শুনে বড়দা মাকে বলল- ঠাকুমা বলের বিয়ে হচ্ছে প্রজাপতির নির্বন্ধ । সময় হলেই ওর বিয়ে হবে।

মা বড়দার কথা থামিয়ে দিয়ে বলেন- শ্বশুর ঠাকুর বেঁচে থাকতে কেউ আমাদের বাড়ির ভেতরে আসার সাহস করতো না। এখন তো দেখছি তুই ইয়ারবন্ধুদের নিয়ে তোর শোওয়ার ঘরে আড্ডা দিচ্ছিস্। তুই তো জানিস্  শ্বশুরমশাই বেঁচে থাকতে কায়েতপাড়ার ঠান্ডু কায়েতের ছাওয়াল মদনটা তোর বোন মালতিকে বিয়ে করার জন্য  কিভাবে লেগেছিল!  তিনি ওর বাবাকে বলে হরিহরপুরের শ্যামা দাসের লক্ষ্মীমন্ত মেয়ে সাধনার সঙ্গে বিয়ে দেওয়ার পর আমি ভাবলাম, যাক মদনের হাত থেকে আমার মালতিকে বাঁচাতে পেরেছি।  মায়ের কথা শুনে আমার মনটা থেকে যেন একটা পাথর নেমে গেল। যদিও আমি জানতাম আমার দিদি মালতি স্কুলে পড়াকাল থেকেই মদনকে ভালবাসতে শুরু করে। সে তার বাবা মার পছন্দ করা মেয়ের সাথে বিয়ে করতে বাধ্য হলেও তার মনটা  যেন এখনো পড়ে আছে আমার দিদির কাছে  । আর দিদির কথা না বললেই নয়!
দিদি ও দাদা পড়শোনা ছেড়ে দিলেও আমি পড়াশোনা চালিয়ে যেতে থাকলাম। সব কিছু ঠিকঠাকই চলছিল।                     

কিন্তু আমার ঠাকুরদা আততায়ী’র হাতে মারা যাওয়ার পর থেকেই আমাদের ঠাকুরবাড়ির অতীত গৌরব দিনে দিনে ম্লান হয়ে যেতে থাকছে,তা ঠাকুমা ভালভাবেই বুঝতে পারছিলেন। ঠাকুরবাড়ির বিধিবিধান আর ভবিষ্যতে থাকবে না, তিনি তাও বুঝতে পারছিলেন। আমার মা ও ঠাকুমা দিদির বিয়ের জন্য আমার বাবাকে বারবার তাগাদা দিতে লাগলেন । মামা ফরিদপুর শহর সংলগ্ন পেয়ারপুর ঠাকুরবাড়ির ছেলে প্রদীপ রায়ের সঙ্গে বিয়ের প্রস্তাব নিয়ে এলেন। গ্রামের গন্নিমান্নি মানুষ চন্ডিচরণবাবু বড়ছেলে প্রদীপ ,হাইস্কুলের টিচার। কিন্তু দিদি বেঁকে বসল। সে কোন স্কুল মাস্টারকে বিয়ে করবে না। দাদার বন্ধু মদনগোপালের বিয়ের পরেও কিন্তু তার সঙ্গে আমার দিদির প্রেম ভালবাসা সমান তালে চলছিল, আমি কিন্তু বুঝতে পারছিলাম। এমন খবরও আমার কানে এলো মদনগোপাল তার বউ এর সঙ্গে ভাল ব্যবহার করে না।

সে বিয়ের পর থেকেই একটা মোটর সাইকেল দাবী করে আসছিল যৌতুক হিসাবে। সাধনার মতো একটা সুন্দরী মেয়েকে মদনগোপাল কেন ভাল চোখে দেখতে পারে না তা আমি বুঝতে পারছিলাম। মাঝে মাঝেই সে তার বউকে মারধর করে। আমার আশংকা হল মদনগোপাল যে করেই হোক তার জীবন থেকে সাধনা বৌদিকে সরিয়ে দেবে না তো।  পুজোয় সাধনা বাপের বাড়িতে যাওয়ার আগে মদনগোপাল তার বউ সাধনাকে বলল- এবার বাপের বাড়ি থেকে ফিরে আসবার সময় মোটর সাইকেল বাবদ কমপক্ষে ষাট হাজার টাকা নিয়ে আসবে, তা না হলে তোমার কপালে দু:খ আছে। স্বামীর কথায় সাধনা বুঝল তার কপালে দু:খই আছে। সাধনার বাবা বাড়ি বাড়ি পুজো করে কয় পয়সাই বা পান , তিনি ষাট হাজার কোথা থেকে দেবেন? স্কুলে যাওয়ার পথে মদন গোপালদের বাড়ি, সাধনা বৌদির সঙ্গে আমার প্রায় দেখা হয়। সে চাপা স্বভাবের মেয়ে, সে আমাদের সঙ্গে হেসে হেসে কথা বলত। তার মনের মধ্যে একটা দু:খ কুড়ে খাচ্ছে তা সে কাউকে বুঝতে দিত না। সাধনা বৌদির সঙ্গে আমার খুব ভাব হওয়ার কথায় একদিন দিদিকে বললে সে বলল- মাকে বলে তোর স্কুলে যাওয়া বন্ধ করে দিতে হবে। স্কুলে যাস না পাড়া বেড়াতে যাস্।
দিদির কথা শুনে আমি বললাম- মদনদার সঙ্গে বিয়ে করতে পারিসনি বলে তার বউ সাধনার উপর তোর এত রাগ! দিদি আমার কথা শুনে রেগে বলল- তোর মদন দা'কে বিয়ে করতে বয়ে গিয়েছিল আমার।
- পাগল তো তুই হয়েছিলি এক সময়!
– ঠাকুমা আর মাকে দু’চোখে আমার দেখতে ইচ্ছে করে না। ঠাকুমা উঠতে বসতে বলে বিয়ে হচ্ছে প্রজাপতির নির্বন্ধ। মানুষ যদি বাধ সাধলে প্রজাপতির নির্বন্ধ কোথায় থাকে। তবে শোন ললিতা, আমি প্রজাপতির নির্বন্ধের উপরই ভরসা করে থাকব যতদিন পারি । দিদির কথা শুনে আমার মনটা আরো খারাপ হয়ে গেল। দিদি আর মদনগোপাল এর মাঝে আবার কী মতলব ফাঁদছে কে জানে!  আমি টের পেয়েছিলাম মদন দা সাধনা বৌদিকে বিয়ে করার পরও আমার দিদি তার সঙ্গে মিলমহব্বত রেখে চলছিল।

সেদিন একটু আগে বাড়ি থেকে বের হেই সাধনা বৌদি'দির সঙ্গে দেখা করে যাব জন্য। তাকে সেদিন দেখে মনে হল তার মুখটাতে বিষাদের  চিহ্ন লেগে আছে। আমি আগেই তার মুখ থেকে শুনেছিলাম , সাধনা বৌদি মা হতে যাচ্ছে। কিন্তু সেদিন সে যা বলল তা শুনে মদনদা'র উপর আমার বেজায় রাগ হল। সব বিবাহিতা মেয়ে মা হতে চায়। আর সাধনা বৌদির স্বামী তার বউ এর পেটের বাচ্চাকে নষ্ট করে দিতে চাচ্ছে। সাধনা বৌদির কথা শুনে আমার মনে পড়ল, মদনদা কে গোপালের মায়ের কাছে যেতে দেখেছি। গোপালের মা কুজোবুড়ি কী গাছটাছ খায়িয়ে গর্ভপাত করিয়ে থাকে। তাকে একবার এ কাজের জন্য পুলিশ ধরেও নিয়ে গিয়েছিল এক মহিলার গর্ভপাত করানোর অভিযোগে। আমি সাধনা বৌদিকে বললাম- তুমি পেটের বাচ্চা নষ্ট করে দিও না।

স্কুল থেকে বাড়ি ফেরার পর সাধনা বৌদির গর্ভপাতের কথা ভেবে আমার মনে দু:চিন্তার দেখা দিল। মদন'দা যে ধরনের শয়তান প্রকৃতির লোক তাতে সাধনা বৌদির কপালে কী আছে কে জানে ! আমার দু:চিন্তাটাই বাস্তবে ঠিক হল। পরীক্ষার পর মামাবাড়িতে বেড়াতে যাওয়ায় সাধনা বৌদির সঙ্গে আমার যোগাযোগ বেশিদিন ছিল না। একদিন খবর পেলাম যে সাধনা বৌদিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক নাগাড়ে ব্লিডিং হচ্ছে। বাঁচার কোন আশা নেই।  ওখান থেকেই জানতে পারলাম অতিরিক্ত ব্লিডিং এর ফলে সাধনা বৌদি হাসপাতালেই মারা গেছে। এ খবরে আমি খুবই কষ্ট পেলাম। আমার দিদি মালতি আর মদনদা কষ্ট পেয়েছিল কিনা আমি সে মুহূর্তে বুঝতে পারিনি। জানুয়ারিতে ক্লাস শুরু হলে আমি বাড়ি ফিরে এসে সবই জানতে পারলাম। বুঝতে পারলাম মদন'দা মতবল করেই  কুজোবুড়ির দেওয় গাছগাছড়ার রস খাবারের মধ্যে  মিশিয়ে  সাধনা বৌদিকে খাইয়ে মেরে ফেলেছে।

একদিন বিকালে ঠকুমাকে জিজ্ঞেস করলাম- একে তো বলবেন নিয়তি, আর মদনগোপাল আবার বিয়ে করলে বলবেন তো প্রজাপতির নির্বন্ধ, তাই না?
 -হ্যাঁলো নানতি, তাছাড়া আর কী বা বলব!
সাধনা বৌদি এভাবে মারা যাওয়ায় ললিতার মনে কোন প্রকার ভাবান্তর দেখা গেল না। একদিন মদনগোপালের বউ সাধনা বৌদি ওই ভাবে মারা যাওয়ার কথা উঠলে মালতি দি বলেই ফেল- জোরজবরদস্তি করে বিয়ে দিলে এমনই হয়। ঠাকুমা পাশেই ছিলেন তিনি বললেন- ওটা প্রজাপতির নির্বন্ধ। দিদি এবার রাগত কন্ঠে ঠাকুমাকে বলল- এবার দেখি তোমার প্রজাপতি কী করে!

সাধনা বৌদি মারা গেছে বছর খানেক। এর মাঝে নদী দিয়ে অনেক জল গড়িয়ে গেল। আমার মনে হল আমার মালতি দি এবার তার মনোবাঞ্ছা পুরণ করতে চাইছে। আমি স্কুলে গেলে মদন দা প্রায় প্রায়ই আমাদের বাড়ি আসে, আর আসবার সময় এটা-ওটা সাথে করে আনে।
ফরিদপুরে কাজ পাওয়ার পরে বাবা মাসে একদিনের বেশি বাড়িতে আসতে পারেন না। মালতি দি ও মদন দা আমার দাদার মাধ্যমে মায়ের কাছে তাদের বিয়ের প্রস্তাব রাখে। মা কুলিন ব্রাহ্মণের মেয়ে এ প্রস্তাবকে তিনি মেনে নিতে চান না। ঠাকুমা এ প্রস্তাব শুনে বলেন – প্রজাপতির নির্বন্ধ থাকলে তো হতেও পারে।

তারপরের  ঘটনায় মা ভেঙে পড়লেন। মদনের সঙ্গে যে ভাবে মালতি দি মেলামেশা করছিল তার মধ্যেই এ ঘটনাটা ঘটার ঈঙ্গিত ছিল। মা একদিন বুঝতে পারলেন তার বড় মেয়ে মাস দেড়েকে অন্ত:সত্ত্বা! মালতি ও মদন এমনকি আমার দাদাও এটাই চাইছিল।

এ কথাটা আমার দাদার কানে গেলে সে বলল - আগের বারে তাদের বিয়েতে ব্রাহ্মণ ও কায়েতের ধুয়ো তুলেছিলে মা । এবার কী করবে ভেবে দেখ মা। আমি ইচ্ছে করলে মদনগোপালের সঙ্গে মালতির বিয়ের ব্যবস্থা করতে পারি। বড় গোসাইয়ের নাতনির সঙ্গে ওরা মদনের বিয়ে দিতে এক পায়ে খাড়া। মানসম্মান রক্ষার খাতিরে  মা ও বাবা তাদের বড় মেয়ে মালতিকে অসবর্ণে  বিয়ে দিতে  রাজি হলেন। ঠাকুমা শুধুমাত্র বললেন- সবই প্রজাপতির নির্বন্ধ ।

মালতিদির বিয়ের সময় আমি নয় ক্লাস থেকে দশ ক্লাসে উঠেছি। আর একটা ক্লাস শেষ করতে পারলেই স্কুল ফাইনালে বসতে পারব। কিন্তু আমার আশা পূরণ হল না। সত্যি কথা বলতে দিদির চেয়ে আমার চেহারা ভাল আর বয়সের তুলনায় আমি দিদির চেয়ে ডাগর হয়ে উঠেছি। এক সময় মনে হল, এর মাঝে দিদির বিয়ে অন্যখানে হয়ে গেলে মদনগোপালের টার্গেট আমাকেই হতে হত। 

ক্লাস টেনের মাঝামাঝি ফরিদপুর থেকে বাবা বাড়ি এলে মা তাকে বললেন- ললিতাকে আমি আর পড়াতে চাইনে, আমার ভয় লাগে এ মেয়েটারও একই অবস্থা না হয়!
বাবা বললেন-মাস ছয়েক পরে স্কুল ফাইনাল পরীক্ষা। পরীক্ষা শেষ হওয়া মাত্রই ললিতার বিয়ে দিয়ে দেব , তোমাকে কথা দিলাম। বাবার কথা শুনে আমার মনটা খারাপ হল, আমার ইচ্ছে স্কুল ফাইনাল পাশ করার পর কলেজে ভর্তি হয়ে আরো পড়াশোনা করা।
আমি এক সময় বুঝতে পারলাম যে স্কুল ফাইনালটা দেওয়াই হয়ে উঠবে কিনা। ক্লাস এইটে পড়াকালে একদিন আমার অন্তরঙ্গ বান্ধবী সুমনা বলেছিল- মোবাইল ফোন সস্তায় বাজারে আসছে, গঞ্জের বাজারে একটা টাওয়ার বসিয়েছে। আমাদের স্কুলের দোতলার ছাদে টাওয়ার বসাবে নাকি শুনলাম হেডস্যারের মুখ থেকে। মাস দুই যাওয়ার পর আমি বুঝতে পারলাম সুমনা ঠিক কথাই বলেছিল। মদন দা আর আমাদের মধ্যে দূরত্ব মাত্র মাইল খানেকের। মদন দার সঙ্গে বিয়ে হওয়ার পর আমি আর ওদের বাড়ি হয়ে সোজা পথে স্কুলে যাই না। শ্রাবণ মাস বৃষ্টি বাদল বেশই হচ্ছিল। পাকা রাস্তা ধরেই স্কুলে যাচ্ছিলাম। মদন জামাইবাবু দুপুরের আগে ঝড় জলের মধ্যে বিলের কৈ, মাগুর মাছ নিয়ে হাজির। দিদি তাদের বাড়িতে , রেইনি ডের জন্য আমি স্কুলে না যেয়ে বাড়িতেই ছিলাম। দাদা বাবার কাছে ফরিদপুরে। বাড়িতে আমরা মাত্র তিনটে মানুষ, তার মধ্যে আমি আর মা মাছ খাই।
মাছগুলো দেখে মা জামাইবাবুকে বললেন- এত মাছ এনেছ কেন,বাবা?
– জলে জিইয়ে রাখেন, মদন জামাইবাবু বলল।
-মাছ রাঁধছি , বাবাজী খেয়ে দেয়ে বাড়ি যাবে।                                                             
মায়ের কথায় মদন জামাইবাবু এক কথায় রাজি হয়ে গেল।  পা ধুয়ে, গা ও পা মুছে জামাইবাবু আমার সাথে সাথে আমার ঘরে এসে বলল- ছোট গিন্নি, তুমি স্কুলে যাওনি।
- বৃষ্টির মধ্যে কিভাবে স্কুলে যাব? ছাতা তো একটাও বাড়ি নেই। আপনার ছাতাটা রেখে যাবেন কালও যদি বৃষ্টি লেগেই থাকে তবে।
আমার কথা শেষ করার আগেই জামাইবাবু বলল - একটু চা দিতে পার ললিতা, ঠান্ডায় জমে যাবার মত অবস্থা হয়েছে। জামাইবাবুর কথা শুনে মা নিজেই চা আর মুড়ি ও চানাচুর পৌঁছে রান্নাঘরের বারান্দায় মাছ কুটতে বসলেন। রান্নাঘরটা আমার রুমের অপজিট সাইডে। আমাকেও চা মুড়ি খাওয়ার জন্য মদন জামাইবাবু পিড়াপিড়ি করলেও আমি তা খেলাম না। জামাইবাবু চা মুড়ি শেষ করার পরপরই মুসলধারে বৃষ্টি নামল। জামাইবাবু বলল- এমন বৃষ্টি নামলে আমি তোমাদের এখানে আসতাম না।
আমি তার কথা শুনে বললাম- এক সময় তো বৃষ্টি ধরবে , তার মধ্যে মায়ের রান্নাবান্না হয়ে যাবে।
-বাড়ি থাকলে রিমঝিম বৃষ্টির মধ্যে তোমার দিদির সঙ্গে মজা করে একটা  গেম খেলা যেত। আমি জামাইবাবু’র কথার মাথামুণ্ড কিছু না বুঝে আমি আমার পড়ার টেবিলের সামনে গিয়ে বসে পড়ায় মন দেওয়ার কথা ভাবছি এমন সময় জামাইবাবু আমার হাতটা ধরে একটা হেঁচকা টান দেওয়ায় হাতা বিহীন চেয়ার থেকে ছিটকে জামাই বাবু’র গায়ের উপর পড়লাম। আমার বুক ওর বুকের উপর পড়ায় আমি লজ্জা পেয়ে বিছানা থেকে উঠে পড়ে দরজায় গিয়ে দাঁড়ালাম। জামাইবাবু বিছানা থেকে উঠে এসে আমাকে জড়িয়ে ধরে  আমার গোলাপী গালে জোর করে একটা চুমু দিয়ে  বলল-দিদি নেই তাতে কী! কেউ কেথায়ও নেই,এস আমরা একটা গেম খেলি। আমি দৌড়ে পাশের রুমে চলে যাওয়ার সময় জামাইবাবুকে বলতে শুনলাম- গোলাপী গালে একটু চুমু দিয়েছি তাতেই এত ভয়!  বিয়ের আগে তোমার দিদি’র সঙ্গে  চুমু’র সঙ্গে টুমুটাও খেয়েছি কত! এবার আমি জামাইবাবুর মতলবটা বুঝতে পারলাম। আমি ভিজতে ভিজতেই রান্নাঘরে মায়ের ঘরে চলে গেলাম। তারপর থেকে আমি জামাইবাবুর ছায়া না মাড়ানোর চেষ্টা করে নিজেকে তার লালসা থেকে নিজেকে বাঁচালাম ।

স্কুল ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পর আমি সিদ্ধান্ত নিলাম বিয়ের ব্যাপারে মায়ের কথাই আমি মেনে নেব। বিয়ে না করে বাড়িতে থেকে পাশের কলেজে পড়াশোনা চালিয়ে গেলে জামাইবাবু আমাকে কুড়ে খাবে , শেষ পর্যন্ত ও এমন অবস্থাও করতে পারে যাতে সে আমাকে বিয়ে করে আমার দিদি’র সতীনও বানাতে পারে । আসলে ও একটা বদমায়েশ । আমি বিয়ে করতে রাজি আছি সে কথা আমি একদিন মাকে বললাম। আমার কথা শুনে মা খুশি হলেন। একথা জেনে দিদিও খুশি হল, কিন্তু মদনজামাইবাবু খুশি নয় তার কাথাবার্তায় আমি বুঝতে পারলাম। বাবা মানিকগঞ্জের শহরতলীর আমাদের পাল্টি ঘর নারায়ণ গোস্বামীর একমাত্র ছেলে নির্মাল্য গোস্বামী সঙ্গে আমার বিয়ে ঠিক করে ফেললেন। বাবা ফরিদপুরে মামাবাড়িতে নিয়ে আমাকে পাত্রপক্ষকে দেখালেন। মা ও মামী বললেন – ছেলেটা শরীর স্বাস্থ্য আর চেহারা খুবই সুন্দর। মদনজামাইবাবুও দিদি ওখানেই ছিল। ছেলে দেখে দিদি’র পছন্দ। কিন্তু মদনজামাইবাবু যে সব কথা বলল তা থেকে বোঝা গেল ছেলে তার পছন্দের নয়। মদনজামাইবাবু দিদিকে বোঝানোর চেষ্টা করল এই বলে- ছেলেটা বাবার সঙ্গে পুজোটুজো করে বেড়ায়,আর মোবাইল, টেলিভিশন মেরামত করে। জামাইবাবুর কথা শুনে আমি মনে মনে বললাম- জামাইবাবুতো এটা বলবেই, কারণ সে তো ভবঘুরে কোম্পানীর  ম্যানেজার।

নির্মাল্য এর সঙ্গে আমার বিয়ে সমারোহের সঙ্গেই হল। স্বামী হিসাবে নির্মাল্য সত্যিই আদর্শবান। আমার ঠাকুমা  আমার বিয়ের পরে  বললেন- ললিতে তোর বিয়ে পদ্মা ওপাড়ে হল , এটা প্রজাপতির নির্বন্ধ ছিল । আমি স্বামী, শ্বশুর, শাশুড়ি নিয়ে সুখেই ছিলাম। দু’বছর পরে আমার প্রথম কন্যা সন্তান জন্মাল। তার ফুটফুট চেহারার জন্য আমার শাশুড়ি তার নাম রাখলেন রূপমতী। নির্মাল্য মোবাইল মেরামতের সঙ্গে দু’একটা করে দোকানে নতুন মোবাইল সেটও তুলতে লাগল । এখন লোকের হাতে হাতে মোবাইল ফোন। রূপমতির জন্মের এক বছর পরে মালতি দিদির প্রথম ছেলে হওয়ার খবর ললিতা মোবাইল ফোনেই জানতে পেরে সে ভাবল দিদি’র তো বাচ্চাকাচ্চা আগেই হওয়া উচিত ছিল, কিন্তু জামাইবাবু তো দিদি’র সঙ্গে গেমের পর গেমে খেলে কয়েক বছর কাটিয়ে দেওয়ায় আমার রূপমতি’র জন্মের পরে দিদি প্রথম ছেলে হলো!

রূপমতী পাঁচ বছরে পড়লে আমি আবার  অন্ত:সত্ত্বা হলাম। একদিন আমার শাশুড়িমা  আমাকে বললেন – একটা ছেলে না হলে বংশে প্রদীপ দিতে তো কেউই থাকবে না। মা শাশুড়ির কথা শুনে আমি মুখে কাপড় দিয়ে শাশুড়ি মায়ের কাছ থেকে সরে পড়লাম।
শাশুড়ি মায়ের আশাই পূরণ হল। একটা ফুটফুটে ছেলে জন্ম দিলাম। এবার শ্বশুর মশাই তার নাতির নাম রাখলেন নিরূপম। আমাদের সংসার সুখেই চলছিল। রূপমতী প্রাইমারী স্কুলের পাঠ চুকিয়ে পাশের গার্লস’ স্কুলে ভর্তি হল। আমি জানতাম মেয়ে আমার অপূর্ব সুন্দরী, টিকালো নাক, ডাগর ডাগর দুটো চোখ, গা গতর সুঠাম। স্কুল ফাইনাল পাশ করার পর আমার শাশুড়িমা রূপমতির বিয়ে জন্য উঠে পড়ে লাগলেন। পাড়ার ছেলেরাও রূপমতির রূপে যেন পাগল হয়ে প্রথমে টিজ করতে , বিয়ের প্রস্তাব দিতে শুরু করল। আমিও শাশুড়িমার কথায় রাজি হলাম। ভরতপুরের প্রকাশ দেবরায়ের একমাত্র ছেলের সরোজ দেবরায়ের সঙ্গে রূপমতির বিয়ে পাকাপাকি হল। ছেলে দেখতে সুপুরুষ। গ্রামের বাজারে ওষুধের ফার্মেসি আছে, বেচাবিক্রিও ভাল। ওর বিয়ের সময় আমার মা, ঠাকুমা ও দিদি মদন জামাইবাবু এল। এ বিয়েতেও ঠাকুমা বললেন- এ বিয়েটাও প্রজাপতির নির্বন্ধ।     

রূপমতির বিয়ের তিন মাস পরে ভাদ্র মাস। বিয়ের পরের প্রথম বর্ষাকাল বাপের বাড়িতে কাটাতে হয়, সেই নিয়ম পালন করতেই রূপমতিকে ওর বাবাই ওকে আমাদেরে এখানে নিয়ে এল। আমি লক্ষ করলাম রূপমতি জামাইয়ের সাথে মোবাইল ফোনে কথা বলে না। এমন সুন্দর জামাই ভাগ্যের কথা। একদিন  আমি মেয়েকে জিজ্ঞেস করলাম- জামাইবাবজীকে ফোন করিস না? আমি ফোন করে বাবাজীকে আসতে বলেছি। জামাইবাবাজী খুব ব্যস্ত তাই হয়তো কয়েকদিন পরে আসবে।
আমার কথা শুনে মেয়ে বিরক্তির সঙ্গে বলল- ওকে আসতে বারণ করে দাও, কয়েকদিন যেতেই রূপমতী মুখ খুলল। ও বলল- আমি ওখানে আর ফিরে যাব না।
-মেয়ের কথা শুনে আমি তো থ! বলে কী মেয়ে! আমাকে অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে দেখে রূপমতী বলল- রাঙা মূলোর সঙ্গে তোমরা আমার বিয়ে দিয়েছ, আমি ওর সঙ্গে ঘর সংসার করবো না। আমি ভাবলাম, তবে কি ও বিয়ের আগে অন্য কোন ছেলেকে ভালবাসতো! ভালবাসলে বিয়ের আগে তো তা আমাকে বলতে পারত!

রপমতির বাবা বাড়ি এলে আমি সব কথা খুলে বললাম। সে মেয়েকে কাছে ডেকে জামাই সম্পর্কে তার মতামত জানতে চাইল। রূপমতী একই কথা বলল- আমি ওকে ডিভোর্স দেব। তারপর অনেক ঘটনা ঘটে যাওয়ার পর সত্যি সত্যি প্রকাশের সঙ্গে রূপমতির ডিভোর্স হয়ে গেল। আমার শাশুড়িমা পুরনো কালের মানুষ, তার যুগে এ সব ঘটনা তিনি দেখেননি , তাই তিনি বড়ই কষ্ট পেলেন।                                                         

কয়েকমাস কেটে যাওয়ার পর শাশুড়িমা আমাকে বললেন- মা, আমার নাতনি’র একটা গতি করতে হবে। নির্মাল্য বাবাজীকেও রূপমতির বিয়ের জন্য ছেলে দেখতে বলেছি। আমার মতে তোমার বাপের বাড়ির এলাকার একটা চাকুরে ছেলেকে খোঁজ করলে হয় না?
আমি আমার শাশুড়িমায়ের কথা রাজি হয়ে তাকে বললাম- আমি আমার বাপের বাড়ির দেশের একটা চাকুরে ছেলের সঙ্গে রূপমতিকে বিয়ে দেব, আর বিয়েটাও হবে ওখানেই।

আমি এ বিষয়ে বাবা ও দাদাকে ফোন করলাম। দাদা কুষ্টিয়া শহরে একটা ছেলের খোঁজ দিলেন। ছেলেটির নাম অনুপম ভাদুরী। একটা এনজিও তে চাকরী করে । ও ছেলেটির আগে একবার বিয়ে হয়েছিল। তার প্রথম স্ত্রী বাচ্চা হওয়ার মারা যায়। দাদা জানাল যে ছেলেটি সু শ্রীমান ও চরিত্রবান। রূপমতিকে অপছন্দ করার কথাই উঠে না। আমরা রূপমতিকে সঙ্গে নিয়ে বাপের বাড়িতে গেলাম। রূপমতিকে দেখে অনুপমের বাবা মা পছন্দ করলেন। তারা জানালেন তাদের দেখাই ফাইনাল। এবার আমি রূপমতিকে জিজ্ঞেস করলাম- ছেলের ফটো তো দেখেছিস। এ ছেলেকে কি তুই পছন্দ করিস, না ছেলে আসবার কথা বলব।
আমার কথা শুনে রূপমতী বলল- তোমাদের পছন্দই আমার পছন্দ। আমাদের বাড়ি থেকে সবাই আমার বাপের বাড়িতে এল। অনুপম ভাদুরীর সঙ্গে সাড়ম্বরে রূপমতির বিয়ে হল। আমি স্বস্তির নি:শ্বাস ফেললাম। আমার ঠাকুমা এবারও বললেন- এটা তো প্রজাপতির নির্বন্ধ । আমাদের বাড়ির সবাই বাড়ি ফিরে গেলাম, শুধু আমি থাকলাম অষ্টমঙ্গলা সহ অন্যান্য অনুষ্ঠানের জন্য। মা  আমার শাশুড়িকে বললেন- ললিতাকে এ মাসটা এখানেই থেকে যাওয়ার কথা বলছি। মায়ের কথায় আমার শাশুড়িমা রাজি হলেন। অষ্টমঙ্গলার পরে জামাই মেয়ে কুষ্টিয়া ফিরে গেল। আমি কল্পনাও করতে পারিনি আমার সুন্দরী মেয়ে রূপমতি আমাদেরকে আরো জ্বালাবে!
পনেরো দিন হল রূপমতির বিয়ে হয়েছে, আমারও বাড়ি ফিরে যাওয়ার দিন এগিয়ে এল।  সেদিন সন্ধ্যার পরে ফোনে জামাইয়ের কথা শুনে আমার যেন জ্ঞান হারিয়ে পড়ে যাওয়ার মত অবস্থা হল। ফোনের অপর প্রান্ত থেকে যে কথা ভেসে এল তা আমার বুকে শেলের মত বিঁধল। আমার মা এগিয়ে এসে বললেন- কী হল ললিতা!
আমি আমার মাকে কী বলব! শেষ পর্যন্ত আমি তাকে বললাম- সন্ধ্যার দিকে তোমার নাতনি রূপমতী একটা ছেলের সঙ্গে শ্বশুরবাড়ি থেকে পালিয়ে গেছে।
- সে কী কথা!  মা নিজের মাথায় থাপ্পর দিয়ে বসে পড়লেন। আমার মাথার উপর যেন পাথর ভেঙে পড়ল।এক সপ্তাহ হয়ে গেল রূপমতির কোন খবর না পেয়ে আমরা দিশেহারা। তার ফোন বন্ধ।
মদনজামাইবাবু আট দিন পর আমাকে জানল যে ফোনে আলাপ করে ভালবেসে একটা বেকার ছেলের সঙ্গে রূপমতী ভেগে গেছে। সে আমাক বলল- ললিতা, তোর মতো সতীলক্ষ্মীর পেটের মেয়ে কান্ডকারখানা দেখে মরে যাই! তোর দিদি’র আমার মতো মদন কায়েতের সঙ্গে বিয়ে হয়েছে বলে তুই কেঁদে মরিস । এবার দেখগে তোর মেয়ে কার সঙ্গে ভেগেছে, জেলের ছেলের সঙ্গে। সে কাটাঘাঁয়ের উপর নুনের ছিটো দিয়ে চলে গেল। রূপমতিকে খোঁজাখুজি করে জানতে পারলাম মদনের কথা ঠিকই। বিশ্রি চেহার একটা বেকার ছেলের সঙ্গে গরশু বিয়ে হয়ে গেছে। ঠাকুমা এ খবরটা শুনে এবারও বললেন- প্রজাপতির নির্বন্ধ ।



মাহবুব আলী


নিষিদ্ধ গন্দমের জন্ম


বুড়ো মরা না আধমরা দেখে বোঝার উপায় নেই। শীতাতপ দুপুরে রাস্তার ধারে এমনভাবে শুয়েছিল যে আকস্মিক কেউ ভুল করতে পারে। নিঃসাড় নিস্পন্দ। তার চোখে-মুখে কয়েকটি মাছি বিকারগ্রস্তের মতো আছড়ে পড়ছে। হলুদ পিঁচুটি জমে গেছে দু-চোখের কোণায়। বীভৎস। বুড়ো শুয়েছিল। বলা যায় শুইয়ে রাখা হয়েছিল। পিচকালো রাস্তার ফুটপাতে। পুবদিকে মাথা। পা-দুটো পশ্চিমে। সটান...একেবারে লাশ। শুয়েছিল চিৎ হয়ে। মুখ আকাশের সঙ্গে সমান-রাল এবং খোলা। বুড়ো তার মুখের বড় হাঁ’তে আকাশ গিলে খাবে। আধবোজা চোখ। ঘন কাঁচাপাকা ভুরু। সাদা-কালো শ্মশ্রুমণ্ডিত। পরিষ্কার অযোগ্য ছিন্ন পাঞ্জাবি বুকের উপর উঠে গেছে। বেরিয়ে পড়েছে পেট। চুপসে পড়া বেলুনের মতো সেঁধিয়ে গেছে ভেতরে। একেবারে মেরুদণ্ডের কাছে। অথবা পাকস্থলী নিজেই উঠে গেছে গলায়। কেন? ক্ষুধা? কিসের?

পেটের উপর এক টাকার কয়েকটি নোট আর কিছু খুচরো পয়সা। বুড়োর সামনে এক লোক দাঁড়িয়ে আছে। ঢ্যাঙ্গা মতো কালো লম্বা। বয়স ত্রিশ-বত্রিশের কাছাকাছি। ভাবলেশহীন হলুদ দু-চোখে অব্যক্ত বর্ণিল চাহনি। সেখানে কখনো ধূর্ততা কখনো অসম্ভব ব্যথা লুকোচুরি খেলছে। সে ছোট-ছোট গভীর দীর্ঘশ্বাস ফেলে। ঠোঁট চেপে হাত নেড়ে নেড়ে হাঁক দেয়। সে ডাকে বিউগলের করুণ সুর বেজে ওঠে। সেখানে চিৎকার আর অনুনয় মিলেমিশে একাকার। তার ঠোঁটের দু-কোণায় মাছির মলের মত কশ জমে গেছে। ধূসর সাদা হলুদ। সে কখনো হাঁক থামিয়ে সামনে একদলা থুতু ফেলে। তারপর ঠোঁট ডান হাতের উলটো পিঠে মুছে নেয়।

‘ভাইজান...ও আফা, বুইড়া লোকটার অসুখ। কিছু সাহায্য করেন। চিকিস্যা করামু। ভাইজান পরকালের কাম করেন। ও ভাই...আফা...আফা।’

এক পিনে আশি রেকর্ড বাজায় শক্ত সামর্থ কালো লম্বু। বাজাতে থাকে। অদ্ভুত বিবর্ণ আর বিরক্তিকর হয়ে ওঠে মধ্যদুপুর।

তমাল ফাস্টফুড দোকানের একচিলতে বারান্দায় দাঁড়িয়েছিল। তার সামনে মুন্নি। একটু আগে পেটিস্ খেয়েছে। এখন স্ট্র দিয়ে চুমুক দিচ্ছে সবুজ বোতলের ভেতর। হাল্কা শিশির জমে আছে ঠাণ্ডা বোতলের গায়ে। সামনের সিনেমা হলে প্রচণ্ড ভিড়। সে কখনো বিশাল ব্যানারে তাকায় কখনো মুন্নির দু-চোখে। কোনো গভীরতা খোঁজে কিনা কে জানে! সহসা মুন্নি চোখ নামিয়ে নেয়। তার অদ্ভুত শিহরণ অনুভূতি হয়। মনে হয় তমাল তাকে ন্যাংটো করে ফেলছে। সে তার দিকে চোখ রাখে। তমাল এবার ব্যানার দেখছে।


বিরাট ঝলমলে জমকালো পোস্টার। নায়িকার কাপড়ের বড় টানাটানি। সব ফেটে বেরিয়ে আসতে চাইছে। মুন্নি লজ্জা পাচ্ছিল। হয়তো অহেতুক, যে এই ছবি এঁকেছে তার রুচির কথা ভেবে নাকি যারা দেখে তাদের কথা চিন্তা করে? আসলে ছবি আঁকার বিষয় নয়। যারা দেখছে...গিলছে তাদের জন্য। তমালের জন্য। সকালে ওর কাছে কিছু টাকা চেয়েছে। ফরম ফিলআপ করতে হবে। নিজের কাছে তেমন  টাকা নেই। যা আছে কিছু হবে না। তমাল সময়ে অসময়ে টাকা দেয়। এবারও দেবে বলেছে। তাই দুপুরে আসা। ভালো ছেলে। বাধ্যগত। ভবিষ্যতে সঙ্গী হিসেবে আদর্শ। ঠিক যেমনটি চাই। তার মনের ভাবনার পালে পদ্মার বাতাস এসে ঢেউ তুলতে শুরু করে। সেইসঙ্গে চাপা উল্লাস।

‘ও ভাই...আফা এই বুইড়ার আলসার। কিছু সাহায্য করেন...চিকিস্যা করামু। আফ্‌নের একটাকা আখেরাতে সাত শ গুন হইব। দশ লাখ হইব।’
‘আমারে থুইয়া আইসেন ভাই। চিকিস্যা করাই কী হইব? বাড়ি যামু। আল্লা আমারে বাঁচা...এই শুয়ারগুলানের হাত থেইকা বাঁচা।’
‘ওই বুইড়া চুপ! পারা দিয়া ওইহানে পাঠামু! হালা কতা কয়...!’

বুড়ো চুপ করে হাঁপায়। চুপসে যাওয়া পাঁজরের বেলুন ফুলে ফুলে ওঠে আবার চুপসে চুপসে যায়।

তমাল একটি নীল নোট দোকানির দিকে এগিয়ে ধরে। বড় করে শ্বাস বাতাসে ছেড়ে দেয়। পেটিস আর সেভেনআপ পেটের কোণায় পড়ে আছে। একটু পর বিমিশ্র ঢেঁকুর উঠতে শুরু করবে। তার মধ্যে অতৃপ্তির ধূম্রজাল তৈরি হতে শুরু করে। বেঁচে থাকা আর উদ্দেশ্যের জন্য কতকিছু না করতে হয়! সে মুন্নির দিকে ভাবলেশহীন অথবা দুর্বোধ্য দৃষ্টিতে তাকাল। প্যান্টের বাঁ-পকেট থেকে অফহোয়াইট রঙের রুমাল বের করে মুন্নিকে দেয়। রুমালের এককোণায় গোলাপ কুঁড়ির নকশা আছে। লাল আর গোলাপি সুতোয় তোলা। নিচে ইংরেজি আদ্যাক্ষর এম। এম মানে মুন্নি। দিন পনেরো আগে পেয়েছে। আজ তার কাজে লাগল। মুন্নি রুমালে আলতো করে ঠোঁট মুছে ফেরত দেয়। তমালের হাতে। তমাল দোকানির কাছে থেকে ফেরত টাকা নিয়ে পকেটে রাখে। এরপর রুমাল নিয়ে লিপস্টিকের গোলাপি দাগ ভাঁজের ভেতর লুকোয়।

ফাস্টফুডের দোকান থেকে রাস্তায় নামল দু-জন। ছবি আরম্ভ হতে আরও পাঁচ মিনিট বাকি। বাইরে শেষ অগ্রহায়ণের রোদ। মিঠেল শীত-শীত তাপ-তাপ। সামনে ট্রাফিক আইল্যান্ড। ডিউটির লোক নেই। ওটার গোড়ায় গাট্টাগোট্টা এক কুকুর কুঁজো হয়ে প্রাকৃতিক কাজ সারছে। কনস্টিপেশন। তমাল কিছুক্ষণ নিজের কথা ভাবল। সে বুদ্ধিজীবী হতে শুরু করেছে। তাকেও অনেকক্ষণ বসে থাকতে হয়। লাভ তেমন হয় না। তবে সমসাময়িক চিন্তার সুযোগ পাওয়া যায়। ওই একটি ছোটঘর সমস্ত পৃথিবীকে ধরে রাখে। সে বেশ গাঢ় দৃষ্টিতে মুন্নির দিকে চোখ ফেরাল। মুন্নি এরমধ্যে কখন ঠোঁট রাঙিয়েছে? সে খেয়াল করেনি।

‘কত লাগবে তোমার? লাস্ট ডেট কবে?’
‘সামনের তেইশ। সাত শ আছে। আমাকে দুই হাজার দাও। বাসা থেকে এলে দেব।’
‘আ রে দুর! ফেরত দেয়ার কথা ভাবছ কেন? আমি কি তোমার কাজে আসতে পারি না?’
‘না না সে কথা নয়। প্লিজ অন্যভাবে নিয়ো না।’
‘ছবি শেষে কী করবে? হলে ফিরবে? চলো আজ একটু ঘুরি...তারপর একসাথে ডিনার করব। ম্যান্ডোলিন-এ চমৎকার কাচ্চি-বিরিয়ানি করে।’
‘সে তো অনেক কস্টলি। টাকা বেশি হয়েছে না?’
‘আ রে দুর! তুমি তো এখন থেকেই শাসন শুরু করেছ। হা হা হা!’
‘সে তো করতে হবেই...নাকি?’
‘আজ আমরা একসাথে কিছু সময় কাটাতে চাই। বুঝতে পারছো কি বলছি! ম্যান্ডোলিন-এ চমৎকার প্রাইভেসি আছে।’
‘চলো ছবি শুরু হলো বোধহয়।’
‘ও হ্যাঁ।’


বুড়োর চোখ আধখোলা। সচল ঠোঁট। ঠোঁটের দু-কোণের কশ ফেটে চৌচির ছড়িয়ে পড়ে। তার মাঝখান দিয়ে সরু ফ্যাকাসে জিহ্বা বের হয়। একটু থেকে জোরে নড়ে-চড়ে।

‘চুপব ক্যা...ক্যা চুপব? আমারে গেরাম থেইক্যা আনলি। চিকিস্যা করাবি। আর এখন ব্যবসা ফাঁদছোস। বান্দিরপুত। জারুয়া।’
‘হালায় খাইছে রে! বুইড়ার রক্ত গরম হইছে রে! বানচোৎ। ডেইলি পঞ্চাশ ট্যাহা লও না?’
‘আরও বিশ ট্যাহা ধইরা দিবি।’
‘মাগনা...মাগনা?’
‘কিই-ই!’
‘আচ্ছা দিমুনে...দিমুনে।’

বুড়োর পিঁচুটি পড়া চোখে হাসি ঝিলিক দিয়ে ওঠে। মুখ হাঁ করে জিহ্বায় বাতাস টেনে ধরতে চায়। হাপরের মতো পাঁজর ওঠানামা করে। কিছুক্ষণ। কথা বলতে ক্লান্ত হয়ে গেছে। লম্বু তর্জনী দিয়ে বারকয়েক নাকের ময়লা বের করার চেষ্টা করে।

‘ভাইসাব বুইড়া খুব দুঃখী মানুষ। সাহায্য করেন। পরকালের ছোয়াব কামান। বুইড়ার চিকিস্যার জন্য একটা টাকা দেন।’


ডার্ক লাইট। আলোছায়া অন্ধকার। তমাল আর মুন্নি দু-জনে এখানে- বসেছে। তাকিয়ে আছে সামনের স্নোহোয়াইট পর্দায়। স্লাইড শো শুরু হলো। ধুমপান নিষেধ। নিষিদ্ধ। ইট ইজ ইনজুরিস টু ইয়োর হেল্‌থ। কিছুক্ষণ আজগুবি সব স্লাইড দেখাল। তার কোনোটিই তেমনভাবে দেখল না। ছবি আরম্ভ হয়েছে। এ প্লাস রেটেড আর্টফিল্ম। জমবে ভালো। তমাল বাঁ-হাত বেশ ধীরে মুন্নির কাঁধের পেছনে নিয়ে গেল। প্রত্যুত্তরে আড়ষ্ট মুন্নি একটু কাছে এগিয়ে এলো। আদুরে ভঙ্গি। পোষা বেড়ালের মতো দুর্বোধ্য মৃদু কুঁই কুঁই শব্দ উঠল? তমাল পাত্তা দিল না। মুন্নির শ্যাম্পু করা চুলের সৌরভ তাকে মিষ্টি বন্য করে তুলেছে। সে আরও আলগোছে ওর ডানহাতে কয়েকটি নোট গুঁজে দিল ।

‘আমার খারাপ লাগছে জানো। তোমার কাছে আবার টাকা নিতে হচ্ছে। এবার একসাথে ফেরত দেব। প্রমিজ।’
‘আবার? তুমি আসলে আমাকে কী ভাবো বলো তো?’

তমাল ওর কাঁধে একটু চাপ দিল। চোখের মণি ঘুরিয়ে তাকাল অপাঙ্গে। সবকিছু আবছা। মনে হয় রাত। রাতের মতো অন্ধকার। রহস্যময়। সেও রহস্যময় এক মানুষ। মুন্নি? কে জানে? সবাই তো রহস্যময়। সে গভীর স্বরে বলে উঠল, -

‘আমার কথা মনে আছে তো? আজ আমরা একসাথে ডিনার করব। তার আগে একটু ঘুরব। কিছু কেনাকাটা করবে?’
‘কি?’
‘এই ধরো কসমেটিক্স ইমিটেশন কিংবা ভালো কাজ করা...।’
‘উঁহু! এমনিতেই অনেক খরচ হলো তোমার।’
‘হোক খরচ আরও খরচ করব।’

তমাল বুকের বাঁ-ধার ঘেষে মুন্নিকে আরও ঘনিষ্ঠ করে নিয়েছে। সামনে পর্দায় একপলক তাকিয়ে দেখল। ছবি চলছে। নায়িকা হাতে দোতারা নিয়ে সুর তুলেছে। আবেশে আধবোজা চোখ। টপনট খোঁপা। ব্লাউজ নেই। গেরুয়া রঙের শাড়ির উপরে বুক উদ্ভাসিত। দুলছে। মুন্নি অন্যমনস্ক। তমাল কপালের মৃদু ঘাম রুমালে মুছে ফেলল। তারপর ঠোঁট। অসম্ভব গন্ধ। দুর্গন্ধ। মানুষের মুখে এত দুর্গন্ধ হয়! তখন পশ্চিমের দরজা সামান্য খুলে যায়। কোনো দর্শক হয়তো ভেতরে ঢুকছে। সেই মুহূর্তে রাস্তার চিৎকার ভেসে এলো।

‘ও ভাই...আফা...গো...এই বুইড়াকে বাঁচান। বুইড়ার...।’

শব্দ আর আসতে পারল না। পর্দায় আলো ঝলমল দৃশ্য। নৃত্যগীত চলছে। কিশোরী সাজে আধবুড়ি নায়িকা ধুমধাম নাচছে। তমাল দুলুনির দিকে হাঁ তাকিয়ে রইল। তার চোখ সরু হয়ে গেছে। অন্য কোনোদিকে মনোযোগ নেই। সব দূরে সরে গেছে। মুন্নির চোখ-মুখ পর্দার প্রতিফলিত আলোয় ধূসর। একটু ভাবনা...আনমনা...রহস্যময়।


তখন হলুদ এক প্রজাপতি বদ্ধ প্রেক্ষাগৃহ থেকে বেরোবার পথ খুঁজে চলেছে।

আশিষ সমাদ্দার




জীবন হল সব থেকে বড়ো রোগ

১.
সাদা কাপড়ে জড়ানো একটা দেহ,
যার মধ্যে আর কোন জটিলতা নেই,
যার কোন ব্যথা, বেদনা, অনুভব কিচ্ছু নেই,
যার কোন প্রশ্ন নেই, উত্তর দেওয়ার মতো জিভ নেই,
সেই আসলে ঈশ্বর লাভ করেছে।

হাতের আঙুল, পায়ের আঙুল সবই ঠাণ্ডা,
সবই নিস্তব্ধ,
নীরবতা আজ যেন স্নায়ু জুড়ে ছড়িয়ে পড়েছে চারিদিকে,
বুঝি আরেকবার আজ ছায়া থেকে মৃত্যুত্তীর্ণ সব প্রশ্নগুলো
চোখ ছাপিয়ে বেড়িয়ে আসবে।

আটকে থাকবে চরাচরের কথা,
সংসারের মায়া, মমতা,
একটা মধ্যবয়সী বউ, ছোট ছোট দুটো ছেলে।

অপস্রিয়মাণ একটা ছায়া এসে পড়েছে অঙ্গ প্রত্যঙ্গে।
আর মেঘ বলে দিচ্ছে শ্মশানটা ওইদিকে।


২.
চারিদিকে ছিটিয়ে যাচ্ছে সাদা সাদা খই,
খুচরো পয়সা,
ছিটিয়ে যাচ্ছে মৃত মানুষটার সমস্ত জীবনের বসন্তকাল,
মানুষটার ঘাম,
মানুষটার গোধূলি-বেলার সঙ্গতা,
মানুষটার দৃশ্যজগৎ।

রাস্তার ধারে একটা লোক বলেছিল,
“মানুষটা তো সুস্থই আছে”
আশেপাশে লোকজন বলেছিল,
এই যাহ, পাগল কোথাকার,
যাহ যাহ,


৩.
 কালো কালো ছেঁড়া ছেঁড়া ময়লা কাপড়,
মাথায় চুলের জট,
হাতে নেশার প্রস্তুতি,
নদীর ধারে কিছু কান্না তাঁকে ঘিরেই গড়ে ওঠে,

ডাবলিন বলেছিলেন,
জীবন হল সব থেকে বড়ো রোগ,
যার ওষুধ একমাত্র মৃত্যু।



জানালা
রোজ সকালে আলো আসে একটা গভীর সান্ত্বনার মতো
আর আমি শরতের ঘুম ভাঙা ভোরে পাখির ডাকের সাথেই জীবন কাটাই।

এখনো কাশফুলের দেখা পায়নি,
বোধহয় পৃথিবীটা কোন প্রাচীন অসুখে ভুগছে,
বিকেলের রঙও হয়ে আসছে শরতের মতো সাদা।

আমার যতদূর চোখ যায়, শহুরে বন্দরে সবাই কলকাতাকে ঢেলে সাজাচ্ছে,
আর আমি শুধু জানালা দিয়ে বোবা প্রেমিক প্রেমিকার গল্প দেখেছি।
আমার চারকোনা কলকাতার পর্দা সরিয়ে দেখেছি, একটা শালিকের বৃষ্টিস্নান,
আর তারামণ্ডলের পাশের জীর্ণ অশত্থগাছ,
যার ডালে ডালে কোকিলেরা ভিক্ষে করে কাকেদের কাছে।

একটা কথোপকথনের সাথেই আমার পর্দা ভেঙে জ্যোৎস্না আসে,
আর পৃথিবীও তখন অন্ধকারে মাথা ডুবিয়ে বাঁচে।

এইভাবেই প্রত্যেক শরৎকাল জুড়ে আমার জানালার বয়স বাড়ে,
আর আমি বোবা প্রেমিকের মতো জীবন কাটাই পাখির ডাকের সাথেই।