আনমনা
রোদ্দুর ভেজায় হৃতমহল
বাদামী এনভেলাপ খুলতেই উড়ে যায় গুচ্ছ গোলাপ;
টুপটাপ
লাজুক
শব্দগুলো লুকোতেই পশ্চিমে ওঠে মেঘের দেয়াল। তখন
জানালায়
নেমেছে ঘনঘটা, আঁচলের আড়ালে রোদনসূত্র গুছিয়ে নিয়ে
এক ঝাঁক বিহগ
ঠিকানা ভুলে উড়ে যায়। মোহনচূড়ার পিঞ্জরে লেখা গিরিখাদের
পাণ্ডুলিপি
পড়তে পড়তে অশ্রুপাতের রং বদলায়। বালিকা তখনো খণ্ড খণ্ড মেঘপুঞ্জের
মাঝে দৃষ্টি
ফ্যালে; প্রত্যাশিত আলোক বিন্দু দেখাবে বৈকুণ্ঠের দুয়োর।














