Showing posts with label কৌশিক গাঙ্গুলি. Show all posts
Showing posts with label কৌশিক গাঙ্গুলি. Show all posts

07 May 2016

কৌশিক গাঙ্গুলি




রবীন্দ্রনাথ

প্রতি ২৫শে বৈশাখে আলো আধারি খেলায় জন্মদিন জন্মদিন বলে উড়ে গেলো বন্য এক পাখি, গমকে গমকে স্মৃতি উদ্ভাসিত হয় পত্রলেখায়-হিংসা আর সন্ত্রাসের মাঝে গোলাপের বাগান, গোধূলির মায়াবী আলোতে দেখি হরিণীর আঁখি, নদীজল ছুঁয়ে নৌকায় বসে শুনি সেই জাদুগান... বাতাসে বাতাসে ভাসে গুঞ্জন যেনো বিশুদ্ধ বেহাগ। কোন এক আকুলতায় নিমফুল ঝরে মর্মরবেদীতে। অন্ধকারে প্রতিবার কার প্রতীক্ষায় জ্বলে থাকে চেরাগ, বেদনায়- ভালবাসায় আর প্রতিবাদের আশ্রয় কবিতাতে। হৃদি শোনো সেই মর্মবাণী যেন জলপ্রপাত, মানবতার দর্শন পৃথিবীর বুকে রেখেছেন রবীন্দ্রনাথ।

02 March 2016

কৌশিক গাঙ্গুলি





এপিটাফ

মদ না ছুঁয়েও নেশায় বুঁদ হয়ে থাকতে পারি চিরদিন-
একটা সাদা দুরন্ত ঘোড়া দাপিয়ে বেড়ায় মস্তিষ্ক জুড়ে
সুন্দরী,
আমায় নাইবা ভালবাসলে শুধু রাঙানো ঠোঁটের মিষ্টি হাসি দিও উপহার
কতোদিন আত্মজ্ঞানহীন আমি নিঃসাড়ে অপমানের আগুনে পুড়ি,
শরীরজুড়ে থাকে শববস্ত্র নীলাভ রশ্মি চুম্বন করতে চায় সর্বক্ষণ
তৃষ্ণার্ত বালকের মতন তোমার কোলে মুখ ডোবাই রক্তনদী 
কোনো কিছুর ব্যর্থতা আমাকে শোক নয়,
          ক্রোধ নয় কিছুই স্পর্শ করেনা ।
প্রেমিক চন্ডালের মতন ছাই ঘাটি,
          জল ঢালি,
                   জল ঢালি, ছাই ঘাটি।
মদ না ছুঁয়েও নেশায় বুঁদ হয়ে থাকতে পারি চিরদিন।
একটা সাদা দুরন্ত ঘোড়া দাপিয়ে বেড়ায় মস্তিষ্কজুড়ে।