
দুপুরে গোসল করতে গিয়েই কথাটা শুনে এসেছিল অরুণ। কথাটা বলেছিল দয়াল ঠাকুরের ছেলে রানা। ও আবার শুনে এসেছে প্রাইভেট পড়তে গিয়ে- “টিউটোরিয়াল হোমে”। গোসল করতে এসে, ও-ই রটিয়েছে ঘোষাল পুকুরের বাঁধানো ঘাটে। অরুণ শুনেছে ফিরতি মুখে যখন গোসল সেরে ফিরছিল। কথাটাতে প্রথমে তেমন গুরুত্ব দেয়নি কিন্তু বাড়ি ফিরে, বাবার মুখে আবার যখন শুনল, তখন মনটা বেশ খারাপ হয়ে গেল। আবার দাঙ্গা।
গতকাল নাকি শীলবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। কে বা কারা আগুন দিয়েছে তার কোন হদিস পাওয়া যায়নি। চট্টগ্রামের নানা জায়গায় অগ্নিকান্ডের ফলে বহু মানুষ দুর্দশাগ্রস্ত। ভারতে বাবরী মসজিদ ভেঙে দেয়ার পর কি গ্রাম, কি শহর সব স্থানেই থমথমে অবস্থা । কখন কী হয়- কখন কী হবে, কিছুই বলা যায় না।