Showing posts with label পিয়ালী বসু. Show all posts
Showing posts with label পিয়ালী বসু. Show all posts

22 August 2017

পিয়ালী বসু


ক্রমশ ...
ধুপকাঠি সন্ধে
আঙুলের খোলস ছাড়ানো বিকেল ঘুরে যেতেই মনে পড়ে তোমার কথা
ঝুঁকে পড়া শরীরী অভ্যাস আজকাল থইথই হানিডিউ আদরে ভাসে
.
একসাথে হাঁটার ছবিটি প্রেম নয় , বরং মগ্ন বিরহের অনুষঙ্গ বহন করে আনে , যাকে নির্মোক আশ্লেষে প্রস্তাবিত অসমাপ্ত গল্প ' মনে হয়
.
বিশেষ নির্মাণ প্রক্রিয়ার অভিঘাতে
স্থায়ী অন্তরা পেরিয়ে ... গোপন চিবুক জুড়ে অনুরণিত হয় __
অন্য এক নারী জন্মের অলিখিত মনোলগ

25 January 2017

পিয়ালী বসু





যাপনচিত্র 
জীবন ও যাপনের মধ্যে কোনরকম সাযুজ্য রাখিনি ইচ্ছে করেই । এখন বিস্তৃত করেছি পরিসরের ব্যাসার্ধ, যাবতীয় বিরহ অভ্যাস... 
:
নিজেকে আগলে রেখো জীবন ... স্বল্পকালীন শালীন সংলাপে
অনবরত শব্দক্ষরণ ... আর স্বয়ংক্রিয় মুহূর্তের আলফাজ মেপে
:
আলনায় পাট করে রাখো ছায়া- শরীর
 
যাপনের গালিচায় এখন আত্মানুসন্ধানের সর্বশেষ চিত্রকল্প


বেলাশেষে 
কথা'রা এখন নেমে আসে নৈর্ব্যক্তিক দুর্যোগের মতো 
:
সুদীর্ঘ নীরবতা পালনের মধ্যস্থতায়
 
'প্রেম ' মহানাগরিক সম্পর্কের আখ্যা পায়
 
:
ছুঁয়ে দেখা হয়ে ওঠেনা আর ...
তিনজন্ম পার করে ফিরে আসা প্রথম ঈশ্বর জন্ম মনে করিয়ে দেয়
 
:
চলে যাওয়া ' আসলে অকাল শপথ ভাঙা ... জীবনের মধ্যবর্তী ঋণমাত্র
_________________

08 October 2016

পিয়ালী বসু





আপাতত ক্যামেরা বাস্তবের ক্লোজ শটে
ফেলে আসা স্মৃতির অধিলিপি
____
সাদা কালো ভাঁটার গল্পে নায়কে'র অভাব স্পষ্টতই পরিলক্ষিত
একাকীত্ব অনেকাংশেই নিজেকে দুঃখ বিলাসী করে তোলে একথা জেনে
বিষাদের বৃত্তলিপি কে বাদ দিই প্রাত্যহিকী থেকে
____
অথচ...ক্ষয়ের বিমূর্ততা তো শৃঙ্খলা রক্ষা করে চলে না
তাই প্রতিটি ব্যক্তিবাচক 'প্রাক্তন' এর মধ্যেও সেই তুমি'ই এসে পড়ো বারংবার
____
তবুও ... 'বিরহ' এসে পড়ে ভ্রমণ সৃজনে গ্রীষ্ম অথবা বসন্তে 
বর্ণ শোভিত হবার অপেক্ষায় 'বিষাদ কবিতা' ত্রিমাত্রিক মুক্তিস্নান সারে
____
আদুরে -নালিশী মনখারাপ নান্দনিকতা মেপে
সাহিত্যে 'সলিটিউড' আখ্যা পায়





05 July 2016

পিয়ালী বসু



নারী 
নিষিদ্ধ আলোর পাশে মুখোশহীন নষ্টজন্ম
দু'হাতে ধরে থাকা স্তন্ ও অন্ধ ব্রীড়া
__ 
দৃষ্টিহীন বাক্যের বহিরঙ্গে অবিরত কাঁটাছেড়া 
যোনি ছুঁয়ে যাওয়া নীরব আর্তনাদ 
__
সম্পর্কের নীরস এই অভিঘাত কে 
আমি ‘নারী’ নামে ডাকি
 


দহন 
দহনের কোন সময় হয় না
হয় না কোন শর্ত
কাক জ্যোৎস্নার স্থবিরতায়
থেকে যায় কিছু অসম্পূর্ণ স্বপ্ন
মৃত প্রজাপতি শব্দ উগরে দেওয়া
অন্ধকার আকাশে নস্টালজিয়ার কোন ঘুণ থাকে না




প্রতীতি 
একান্ত ব্যক্তিগত ছেলে বন্ধুটির পথ
ওয়াটসঅ্যাপের বৈধ ঘেরাটোপ পেরিয়ে
শরীরী উপত্যকায় দুর্লভ ভালবাসা খোঁজে
স্তনে হাত রাখলে নব্বই শতাংশ পুরুষ ‘প্রেমিক’ হয়ে ওঠে
আর বাকি দশ জোর করে ছিনিয়ে নেওয়া ‘রেপিষ্ট’





সতীত্ব
নিভৃত বৃত্তবন্ধ খুঁজি না আর 
স্লগ ওভারে দিলখুশ চুমু খাবার পর এটুকু বুঝেছি
প্রিয় বান্ধবীর প্রেমিক ম্যাজিক জানে 
___
বিশেষ দ্রষ্টব্য : 'সতীত্ব' আসলে একটি কুসংস্কারমাত্র
 

উজান 
এই মুহূর্তে উজানে ডুবে থাকাই শ্রেয় 
অতর্কিত অতীত কে অস্বীকার করে
____
এই মুহূর্তে উজানে ডুবে থাকাই শ্রেয় 
স্বেচ্ছাচারী সময়ের ফসফরাস কে উপেক্ষা করে


অ্যাবরশন
রবিবারের দুপুরটার দিকে হেলে আছে বিকেলের রোদ 
তবুও গন্ধটা নাকে আসছে 
বয়সন্ধির কিছু ভুল আর টুকরো অ্যাবরশনের ছবি
ধর্ষণ আর চিৎকারের মাঝেই
রিংটোনে ভেসে আসা, "আমাকে আমার মত থাকতে দাও!"


কথন
মুহূর্ত ঘনিয়ে আসে ইথারে ইথারে 
দুরূহ সংকেতে স্বগত-কথন
____
নিষিদ্ধ মুহূর্তে 'ব্রা'র হুক খসে পড়ে 
জলমগ্ন পাথরে তখন রাশিকৃত বন্ধ্যা মেঘ

ভালবাসা
আয়ু কমে আসছে 
তাইতো তোমায় পেতে চাই তীব্র ভালবাসায়
এই প্রথম অনুভব করি
কোমরের নিচে নয় রতি সুখ আসলে আরও ঊর্ধ্বমুখী...


কালবেলা 
কালবেলা 
কোকের মহিমা জুড়ে ধ্রুপদ অন্ধকার
পুরনো স্বরাভাসে তীব্র অস্থিরতা 
____
কিংবদন্তি অপ্রেমের অস্ফুট অক্ষর 
বোধশব্দ ভুলে এখন সীমাহীন একাকীত্বে অপেক্ষারত


অন্বেষণ 

স্নায়ু থেকে উঠে আসা শব্দের বিন্যাস
ছায়ার মিছিল
বিষাদ শীত দুর্বোধ্যতা
এ সবই আসলে
শূন্যতার ভাস্কর্যে কোন এক বৃহত্তর অন্বেষণ