রোজ রোজ আকাশের বুকে গোধূলির রং শৃঙ্গার করে
না... মেঘের আড়ালে অভিমানী বৃষ্টি। কেমন যেন মনখারাপের অন্ধকার নামে। পশ্চিম থেকে
আস্তে আস্তে দীর্ঘশ্বাস ছড়িয়ে পড়ে সমস্ত আকাশে। দিগন্তরেখায় খবর আসে, দিন ফুরোনোর।
শ্যাওলাধরা পুকুর পাড়ের সিঁড়ি... একখানি হাঁসের
পালক.. ছোট্টবেলার স্পর্শমাখা। কিছুদিন আগে এই পুকুরেই মঙ্গলঘট ভরা হয়েছিল বিয়ের
সকালে। কৈশোরের এক্কাদোক্কা চু-কিতকিত-এর পানসি ভাসিয়ে পুকুর জল থেকে আলতারাঙা
সোহাগী পায়ের যাত্রা শুরু করানো হয়েছিল নতুন গন্তব্যে...।
একতলা বাড়িটায় বয়সের ছাপ স্পষ্ট.. স্পষ্ট
কেরানি বাবার অক্ষমতার নিশান ।মায়ের খুব শখ ছিল, বিয়ের আগে বাড়িটা রং করানোর
।কিন্তু বাবার সাধ্যে কুলোয়নি।


